মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের পেটে!

সুন্দরবনে মউলি ভানু ভক্তাকে বাঘে টেনে নিয়ে গেল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : কলসের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের খাবার হয়ে গেলেন এক ব্যক্তি। সঙ্গী-সাথীদের সামনে থেকেই ভানু ভক্তাকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল দক্ষিণরায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন মহিলা সহ ১১ জন সঙ্গীর সঙ্গে সুন্দরবনের কলসের জঙ্গলে বৈধ পাস নিয়ে মধু ভাঙতে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুরের বাসিন্দা মউলি ভানু ভক্তা। মঙ্গলবার দুপুরে সকলে যখন মৌচাকের সন্ধানে ব্যস্ত, সেইসময় আচমকাই রয়্যাল বেঙ্গল যমদূতের মতো সামনে এসে দাঁড়ায় ভানু ভক্তার। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। ঘাড় কামড়ে ভানুকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে।
সঙ্গীসাথীরা হাতের লাঠি নিয়ে তাঁকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালান। কিন্তু বাঘটি বারবার তেড়ে আসায় ভানুর সঙ্গীরা অসহায় হয়ে পড়েন। বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ মউলির সন্ধানে দীর্ঘসময় তল্লাশি চালিয়েও বুধবারও তাঁর কোনও খোঁজ পাননি। ঘটনায় শোকে ভেঙে পড়েছে ভানুর গোটা পরিবার। উল্লেখ্য, প্রায় বছর ১২ আগে কলসের জঙ্গলেই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ গিয়েছিল ভানুর স্ত্রী রুমকির। দু’দিন পর বাঘে খাওয়া তাঁর ক্ষতবিক্ষত দেহ মিলেছিল জঙ্গলে। এবার বাঘের আক্রমণের সেই করুণ পরিণতির শিকার হলেন রুমকির স্বামীও।