‘ধুরন্ধর ২’-এর নকল শাহরুখের ‘কিং’ ?

শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘কিং’-এর নতুন ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। তবে সেই উন্মাদনার মধ্যেই বিতর্কে জড়াল ছবিটি। মঙ্গলবার প্রকাশিত ঝলক ঘিরে সমাজমাধ্যমে উঠেছে নকলের অভিযোগ।

নেটাগরিকদের একাংশের দাবি, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর ঝলকের সঙ্গে শাহরুখের ছবির দৃশ্য ও উপস্থাপনায় বেশ মিল রয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি ছবির নির্মাতারা বা শাহরুখ।

নতুন ঝলকে শাহরুখকে দেখা যাচ্ছে একটি হাতে বন্দুক, ঠোঁটের ফাঁকে গোলাপ নিয়ে। চোখেমুখে আগুনঝরা অভিব্যক্তি, শরীরজুড়ে আঘাতের চিহ্ন। বিপজ্জনক অথচ রোম্যান্টিক অবতারে বলিউডের বাদশাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। কিন্তু ঝলকের আগুনের পটভূমি এবং সামগ্রিক সাজসজ্জা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

এক ব্যবহারকারীর কটাক্ষ, ‘লেওঁ: দ্য প্রফেশনাল’ থেকে চিত্রনাট্য ধার করার পর এ বার ‘ধুরন্ধর ২’ থেকেও ঝলক নকল করা হয়েছে। অন্য এক জনের দাবি, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ঝলকের নকশার ভাবনার সঙ্গে ‘কিং’-এর মিল চোখে পড়ার মতো। আবার এক নেটাগরিকের অভিযোগ, ছবির প্রথম ঝলক ব্র্যাড পিটের ‘এফ ১’ থেকে অনুপ্রাণিত, আর দ্বিতীয়টি ‘ধুরন্ধর ২’-এর অনুকরণ। পরিচালক সিদ্ধার্থ আনন্দকে ‘কপি-পেস্ট মাস্টার’ বলেও কটাক্ষ করেছেন তিনি। তবে এগুলি নেটাগরিকদের অভিযোগ, প্রমাণিত তথ্য নয়।

‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর এবং অরশদ ওয়ারসি। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনায় রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।

বক্স অফিসে ছবিটির সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। ‘অ্যাভেঞ্জার্স: ডুম্‌সডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম ছবি ‘কিং১০০’-এর সঙ্গে লড়াইয়ে নামতে হবে শাহরুখের ‘কিং’কে। এবার বিতর্ক ছাপিয়ে দর্শকের মন জিততে পারে কি না, সেটাই দেখার।