ভাইফোঁটার সকালে বড়সড় রেল দুর্ঘটনা অসমের দিগারুতে। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লাইনচ্যুত হয় কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন-৫টি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কামরার ভিতর থেকে বেরিয়ে আসতে হুড়োহুড়ি শুরু করেন অনেকে। আহত হন বেশ কয়েকজন যাত্রী।

সামনে তখন লাল সিগন্যাল। গতি কমানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন চালক। কিন্তু কিছুতেই কাজ করছে না ব্রেক। একের পর এক ব্যর্থ হচ্ছে আপৎকালীন ব্যবস্থাও। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল ভয়াবহ পরিণতি। বিকট শব্দে ব্যারিকেডে ধাক্কা, মুহূর্তে লাইনচ্যুত ট্রেন। কলকাতা থেকে মিজোরামের সাইরাংয়ের পথে ছুটে চলা এক্সপ্রেসের দুর্ঘটনার ঠিক আগের সেই ভয়ংকর মুহূর্ত এবার ধরা পড়ল চালকের কেবিনের ক্যামেরায়। সামনে এল কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার শিউরে ওঠার মতো ভিডিয়ো।
অন্য একটি ট্রেনকে যাওয়ার জায়গা করে দিতে দিগারু স্টেশনে লাইন পরিবর্তনের প্রক্রিয়া চলছিল। আর সেই সময়েই বিপত্তি। অভিযোগ, ট্রেনের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন লোকোমোটিভের চালক। সজোরে ব্যারিকেডে ধাক্কা মারে ইঞ্জিন। পরপর বেলাইন হয়ে যায় একাধিক কামরা। যদিও চালকের কেবিনের ভিডিয়োয় ব্রেক এবং আপৎকালীন ব্যবস্থা কাজ না করার কথা শোনা গেলেও, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে চালকের কেবিনের ক্যামেরায় ধরা পড়া ভিডিয়োতে। সেখানে চালককে বলতে শোনা যাচ্ছে, সিগন্যাল লাল। আপৎকালীন ব্যবস্থা কাজ করছে না। কোনও কিছুই কাজ করছে না। ব্রেক পাইপ কাজ না করার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত ট্রেন থামানোর চেষ্টা চালিয়ে যান চালক। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দ। কেঁপে ওঠে গোটা এলাকা। ব্যারিকেডে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় ট্রেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল সেই ভিডিয়ো।

দুর্ঘটনার সময় ট্রেনের ভিতরে ছিলেন বহু যাত্রী। কলকাতা-সহ বহরমপুরেরও অনেক যাত্রী ছিলেন ওই এক্সপ্রেসে। এক যাত্রীর কথায়, দুর্ঘটনার সময় তাঁরা চা খাচ্ছিলেন। আচমকাই প্রবল ঝাঁকুনিতে থেমে যায় ট্রেন। হাত-পায়ে আঘাত লাগে তাঁর। আতঙ্কে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। তবে উদ্ধারকাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের উদ্ধারে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি। ফলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়।
এই ঘটনার ফলে মরিয়ানি থেকে দিগারুর মধ্যে পরিষেবা বাতিল করা হয়।
১. গুয়াহাটি-জোরহাট টাউন জন শতাব্দী এক্সপ্রেস পানবাড়ি স্টেশনে নিয়ন্ত্রণ করা হয়
২.কোয়েম্বাটুর-শিলচর এক্সপ্রেস পানিখাইতি স্টেশনে নিয়ন্ত্রণ করা হয়
৩. ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস দেরি হতে পারে
৪. সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রাপথে বিলম্ব হতে পারে
৫. লালগড়-ডিব্রুগড় অবধ অসম এক্সপ্রেস যাত্রাপথে দেরি হওয়ার সম্ভাবনা
৬. ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়
মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার বিকেলে মিজোরামের সাইরাংয়ে পৌঁছনোর কথা ছিল ট্রেনটির। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই অসমের দিগারুতে ভয়াবহ দুর্ঘটনা। চালকের কেবিনের ভিডিয়োয় উঠে এসেছে দুর্ঘটনার আগের মুহূর্তের ছবি। কিন্তু সত্যিই কি ব্রেক বিকল হয়েছিল? নাকি লাইন পরিবর্তনের সময় গতি নিয়ন্ত্রণে কোনও ভুল হয়েছিল? যান্ত্রিক ত্রুটি, চালকের ভূমিকা, নাকি সিগন্যালিং ব্যবস্থার গলদ। কোন কারণে ঘটল এই দুর্ঘটনা? সেই উত্তর খুঁজতেই এখন তদন্তে রেল।