মাত্র পাঁচ ঘন্টার বৃষ্টি আর তার জেরেই কার্যত গোটা কলকাতা এই মুহূর্তে জলের নীচে। প্রায় সমস্ত রাস্তায় হাঁটুর সমান জল আরও বিপদ বাড়বে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বৃষ্টি শহরে। রাত থেকে ভোর, শহরে যে ভয়াবহ বৃষ্টি তার জেরে অকল্পনীয় পরিস্থিতি দক্ষিণবঙ্গে। রাতভর টানা ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কলকাতা। জলবন্দি গোটা শহর। দিকে দিকে শুধুমাত্র জল যন্ত্রণার ছবি। রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ বুঝতে পারছেন না কোন দিক দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আর সে ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে ফলে পুজোর আবহে বড় বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

জানা যাচ্ছে, এই মুহূর্তে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই পুজোর দিনগুলোয় ভোগাবে বৃষ্টি।আলিপুর আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার কিছু অংশে বৃষ্টি হবে।

রেললাইনে জল জমে ট্রেন চলাচলও বিপর্যস্ত। ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ভারী বৃষ্টির কারণে রেললাইনে জল জমে অন্য শাখাতেও ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। সমস্ত ট্রেন লেটে চলছে।সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পুজোর প্রস্তুতি। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও ভেসে গিয়েছে সাজসজ্জার সামগ্রী। সাম্প্রতিক কালে এমন দুর্যোগের সাক্ষী হননি কেউই। এই বৃষ্টির জেরে বিপর্যস্ত ব্লু লাইনের মেট্রো চলাচলও।