পানিহাটিকাণ্ডে রত্নার বিবৃতিতে কুণালের প্রশ্ন

বিজেপির অন্দরেই কি তবে ধামাচাপা দেওয়ার চেষ্টা? পানিহাটিতে বিজেপি কর্মীর প্রাণহানির ঘটনায় সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে কী হবে? পুলিশ অভিযুক্তদের ধরছে না কেন? এমনকী, এনকাউন্টার নিয়েও কটাক্ষ! আর এই বিতর্কের কেন্দ্রে পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। যাঁর মুখে শোনা গিয়েছিল, বিজেপি না এলেই ভালো হত! সেই মন্তব্য ঘিরে তৃণমূলের আক্রমণ, ২৪ ঘণ্টার মধ্যে বিধায়কের লিখিত ব্যাখ্যা, আর অন্যদিকে এফআইআরে নাম থাকা অভিযুক্তদের এখনও গ্রেফতার না করা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে পানিহাটিতে এখন একাধিক প্রশ্নের মুখে বিজেপি ও পুলিশ প্রশাসন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ঘটনার সূত্রপাত সোদপুরের সাইডিং বাজারের ঈশ্বর চ্যাটার্জি রোডে। স্থানীয় ব্যবসায়ী শঙ্কর দে-র দোকানের সামনে কয়েকজন যুবকের আড্ডা, অশালীন কথাবার্তা ও গালিগালাজের প্রতিবাদ করেছিলেন তিনি। প্রতিবাদে যোগ দেন বিজেপির পানিহাটি ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহা।অভিযোগ, কিছুক্ষণ পর রাজদীপ দাসের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন যুবক সেখানে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রুমা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী অরূপ সাহা। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করতে গেলে অরূপকে বুকে সজোরে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় রুমা সাহার দায়ের করা এফআইআরে রাজদীপ দাস, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে। কিন্তু ১৭ নভেম্বর দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, তাঁদের অভিযোগ অনুযায়ী অরূপকে মারধর করেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, ৪ মে-র পর তৃণমূল থেকে বিজেপিতে আসা একাংশের দাপটে পুরনো কর্মীরা কোণঠাসা হচ্ছেন। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও ওঠে অভিযোগ।আর অরূপ সাহার পরিবারের পাশে দাঁড়িয়ে আক্ষেপের সুরে রত্নার মন্তব্য—বিজেপি যদি না জিতত তাহলেই মনে হয় ভাল হত।

বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার বিজেপিকে নিশানা তৃণমূলের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষের বক্তব্য, তৃণমূলের প্রতিক্রিয়া না নিয়ে বারবার রত্না দেবনাথের এই মন্তব্যই চালানো উচিত। বিজেপির সদস্যরাই যদি এমন কথা বলেন, তাহলে বাংলার মানুষ বুঝে নিক!

কিন্তু এখানেই থামেননি কুণাল। পানিহাটির ঘটনায় বিজেপির গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, এই কমিটি তৈরির মাধ্যমে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার না করা নিয়ে তাঁর কটাক্ষ, এই ঘটনায় কি এনকাউন্টার হবে না? তাঁর বক্তব্য, লোক পাঠানোর আগে তো মামলা দায়ের হওয়া উচিত!

এদিকে বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই লিখিত বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রত্না দেবনাথ। তাঁর দাবি, বক্তব্যের একটি অংশ প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে তুলে ধরা হয়েছে। বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত, এমন কোনও মনোভাব তাঁর ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।অন্যদিকে, অরূপ সাহার ঘটনায় তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিজেপি। কমিটিতে রয়েছেন রাহুল সিনহা, নীলাঞ্জন অধিকারী ও সোনালি মুর্মু।

একদিকে পরিবারের বিচার পাওয়ার অপেক্ষা, অন্যদিকে এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন। তারই মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘিরে রাজনৈতিক তরজা, রত্নার মন্তব্য এবং কুণাল ঘোষের একের পর এক কটাক্ষ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পুলিশের তদন্তে কবে মিলবে অগ্রগতি? আর বিজেপির নিজস্ব তদন্তেই বা কী উঠে আসবে? পানিহাটির অরূপ সাহার পরিবার কি শেষ পর্যন্ত বিচার পাবে?