“প্রতিবাদীকে আটকানো যায় না”- আদালতে প্রবেশের মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন লাহেক আলী।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে চলা বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অবরোধ এবং পুলিশি আক্রমণের ঘটনায় ধৃত সিপিএম নেতা লাহেক আলী-কে ৮ দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
আদালতে প্রবেশের মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জোরালোভাবে বলেন, “প্রতিবাদীকে আটকানো যায় না”।
পুলিশ ও বিশেষ সরকারি আইনজীবীর দাবি, ওই ঘটনার সময় লাহেক আলীর উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্যের ফলেই জনতা হিংসাত্মক পথ বেছে নেয়, গণপিটুনি এবং পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে, ধৃত সিপিএম নেতার আইনজীবী ও দলের পক্ষ থেকে এই গ্রেফতারিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা এবং মানুষের প্রতিবাদের মুখ বন্ধ করার চেষ্টা বলে অভিযোগ করা হয়েছে।