“হিংসা ছেড়ে আলোচনার পথে আসুন”, বার্তা শাহরুখের

মুম্বইয়ে ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে সম্প্রীতি ও মানবতার পক্ষে সরব হলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাঁর মতে, সমাজে শান্তি বজায় রাখতে হিংসার পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা জরুরি। মতের অমিল থাকতেই পারে, তবে তার জন্য সংঘাতের পথে না হেঁটে একে অপরের কথা শোনা এবং ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান করা উচিত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ বলেন, ভয় নয়, মানুষের মধ্যে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে। সংঘাতের বদলে আলোচনাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, জঙ্গি হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষ এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়া জওয়ানদের স্মরণ করে শ্রদ্ধা জানান অভিনেতা। তাঁর কথায়, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব শুধু রাষ্ট্র বা প্রশাসনের নয়, প্রত্যেক মানুষেরই রয়েছে। নিজের আচরণ ও সিদ্ধান্তের মধ্য দিয়েই প্রত্যেককে শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে।

শনিবার ‘গ্লোবাল পিস অনার্স’-এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ছোট ছেলে আব্রামের সঙ্গে হওয়া একটি কথোপকথনের কথা তুলে ধরলেন শাহরুখ খান। ছেলের একটি প্রশ্ন তাঁকে ঘৃণা ও ভালোবাসার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবিয়েছিল। সেই প্রসঙ্গেই অভিনেতা জানান, একদিন আব্রাম তাঁকে প্রশ্ন করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়া সম্ভব। ছেলের সেই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছিলেন, “একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল কীভাবে ঘৃণাকে ভালোবাসায় পরিণত করা যায়। আমি ওকে বলেছিলাম, এটা খুবই সহজ। আমরা যদি প্রত্যেকে হিংসার বদলে আলোচনা, ভয়ের বদলে বিশ্বাস এবং একসঙ্গে সম্প্রীতির সঙ্গে বেঁচে থাকার সিদ্ধান্ত নিই তাহলেই ভালোবাসার জয় অনিবার্য।”

এদিন শান্তি বজায় রাখার ক্ষেত্রে ব্যক্তিগত দায়িত্বের কথাও তুলে ধরেন শাহরুখ খান। তাঁর মতে, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হওয়া উচিত প্রত্যেক মানুষের নিজের মন থেকেই। এর জন্য প্রতিদিন সচেতনভাবে চেষ্টা করা প্রয়োজন। সাধারণ মানুষের সম্মিলিত শক্তির উপরেও আস্থা রাখার বার্তা দেন অভিনেতা। তিনি বলেন, সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, তবে অন্যের পরিস্থিতি ও মতামত বোঝার মানসিকতা থাকা দরকার। নিজেদের আচরণে যেন কখনও অন্যের জীবনে কষ্ট বা সমস্যার সৃষ্টি না হয়, সেই বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি, ভারতকে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও তুলে ধরেন শাহরুখ।

এরপর বক্তব্যে দেশের বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারানো মানুষদের স্মরণ করেন শাহরুখ খান। ২৬/১১-র মুম্বই হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা শহিদ জওয়ানদের প্রতিও সম্মান জানান অভিনেতা। এদিন আবেগঘন কণ্ঠে শাহরুখ বলেন, “২৬/১১-র সন্ত্রাসবাদী হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। শহীদ জওয়ানদের প্রতি সশ্রদ্ধ প্রণাম। আজ দেশের বীর সেনা ও জওয়ানদের উদ্দেশে আমাকে চারটি সুন্দর পংক্তি আবৃত্তি করতে বলা হয়েছে।” এরপর দেশের জন্য প্রাণ উৎসর্গ করা সেনাদের সাহস, ত্যাগ ও কর্তব্যবোধের প্রতি সম্মান জানিয়ে কয়েকটি পংক্তি পাঠ করেন তিনি।

দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা ও জওয়ানদের সাহস, আত্মবিশ্বাস এবং কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেন শাহরুখ খান। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে অভিনেতা বলেন, “কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কী করেন? গর্বের সঙ্গে বলবেন, আমি দেশকে রক্ষা করি। কেউ যদি জানতে চান, কত টাকা আয় করেন? একটু হেসে বলবেন, ১৪০ কোটি মানুষের আশীর্বাদই আমার উপার্জন। আর যদি কেউ আবার প্রশ্ন করেন, আপনার কি কখনও ভয় হয় না? তাঁর চোখের দিকে তাকিয়ে বলবেন, যারা আমাদের আক্রমণ করে, ভয়টা তারাই অনুভব করে।” বক্তব্যের শেষ পর্বে জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সকলকে মানবিক হওয়ার বার্তা দেন বলিউডের বাদশা। দেশের শান্তি ও সুরক্ষা বজায় রাখতে যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার দায়িত্ব প্রত্যেক নাগরিকের বলেও মনে করিয়ে দেন তিনি। তাঁদের বলিদান যেন কোনওভাবেই বৃথা না যায়, সেই আবেদনও জানান শাহরুখ।