সুরাপ্রেমীদের জন্য বড় খবর- রাজ্যে ফের খুলল মদের দোকান তবে কতক্ষণ থাকবে এই স্বস্তি?

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা ভোট মিটতেই সুরাপ্রেমীদের জন্য এল স্বস্তির খবর। নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধ কাটিয়ে শুক্রবার সকাল ১১টা থেকে রাজ্যজুড়ে ফের খুলে দেওয়া হলো সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার। দীর্ঘ কয়েকদিনের অপেক্ষার পর শুক্রবার সকাল থেকেই মদের দোকানগুলির সামনে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা।
কেন বন্ধ ছিল পরিষেবা?
শান্তিপূর্ণ ভোটদানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে গত ১৯ এপ্রিল থেকেই ধাপে ধাপে বিধিনিষেধ জারি করেছিল আবগারি দপ্তর। প্রথম দফার ভোট উপলক্ষে ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে ‘ড্রাই ডে’ পালন করা হয়। যদিও এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভোট হওয়া জেলাগুলিতে থাকার কথা ছিল, কিন্তু প্রশাসনিক নির্দেশে তা সমগ্র রাজ্যেই কার্যকর করা হয়েছিল।
গোটা রাজ্যে মদের দোকান বন্ধ রাখা নিয়ে প্রশাসনিক মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি। ১৬টি জেলায় ভোট থাকলেও কেন কলকাতায় মদের দোকান বন্ধ রাখা হলো, তা নিয়ে অবাক খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি সাফ জানিয়েছেন, “আমি অবাক হয়ে যাচ্ছি। কেন কলকাতায় মদের দোকান বন্ধ করা হলো, তা আবগারি কমিশনারের কাছে জানতে চাইব।” তাঁর এই মন্তব্যের পর নির্বাচন পরিচালনার নিয়মাবলী প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুক্রবার সকাল থেকে সুরা পরিষেবা স্বাভাবিক হলেও এই আনন্দ খুব বেশিদিন স্থায়ী হবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে।
২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ফের রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান ও বার বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয় দফার ভোট ও গণনার প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত এই ‘খোলা-বন্ধের’খেলা বজায় থাকবে।