বারুইপুরের টেঙ্গারবেড়িয়া এলাকায় রাস্তার ধারে তাজা বোমা উদ্ধারে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুর থানার টেঙ্গারবেড়িয়া এলাকায় রাস্তার ধার থেকে একটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাতঃভ্রমণ ও দৈনন্দিন কাজে বের হওয়া বাসিন্দারা রাস্তার পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পান। মুহূর্তের মধ্যে খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
স্থানীয়দের দাবি, এলাকার শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে বাইরের কোনো দুষ্কৃতী রাতের অন্ধকারে বা ভোরে রাস্তার ধারে এই বোমাটি রেখে গেছে।
এলাকার এক গৃহবধূর কথায়, “আমাদের বাড়িতে ছোট ছোট শিশু রয়েছে। তারা সারা দিন রাস্তায় খেলাধুলা করে। যদি অসাবধানতাবশত বোমাটি ফেটে যেত, বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।” প্রকাশ্য রাস্তায় এ ধরনের বোমা উদ্ধারের ঘটনায় পুলিশি নিরাপত্তার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে এলাকা ঘিরে ফেলা হয় এবং বম্ব স্কোয়াডের সহায়তায় বোমাটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
বারুইপুর থানা সূত্রে জানানো হয়েছে, বোমাটি উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই বোমা সেখানে রেখে গিয়েছিল—তা খতিয়ে দেখতে আশেপাশের সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের সাহায্য নিচ্ছে পুলিশ।