নিট-প্রশ্নফাঁস থেকে চাকরি দুর্নীতি, কোটা থেকে যুব আন্দোলনের ডাক দিলেন রাহুল গান্ধী।

মাম্পি রায়, সাংবাদিক : নিট-ইউজি প্রশ্নফাঁস, নিয়োগ দুর্নীতি, পরীক্ষায় অনিয়ম এবং ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার রাজস্থানের কোটা শহরে ‘ইকো অব স্টুডেন্টস’ নামক এক ছাত্র সমাবেশের ডাক দিয়ে দেশের যুবসমাজকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কংগ্রেসের দাবি, পরীক্ষায় দুর্নীতি এবং কর্মসংস্থানের সংকটের বিরুদ্ধে দেশজুড়ে ছাত্র-যুবদের কণ্ঠস্বরকে একত্রিত করাই এই কর্মসূচির লক্ষ্য।
সমাবেশের আগে সমাজমাধ্যমে এক বার্তায় রাহুল অভিযোগ করেন, গত ১২ বছরে কেন্দ্রের সরকার দেশের তরুণ প্রজন্মের স্বপ্নকে বারবার ধাক্কা দিয়েছে। তাঁর কথায়, “প্রত্যেক যুবকেরই উন্নত জীবন ও সাফল্যের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব সরকারের। কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে কেন্দ্র এমন একটি ব্যবস্থায় পরিণত হয়েছে, যা যুবসমাজের স্বপ্নকেই ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে।”
রাহুল আরও দাবি করেন, প্রশ্নফাঁস, পরীক্ষার অব্যবস্থা, বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়া, ক্রমবর্ধমান শিক্ষার খরচ, বেসরকারিকরণ এবং বিভিন্ন কেলেঙ্কারির ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি যুবসমাজকে উদ্দেশ করে বলেন, দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ সুরক্ষিত করা সরকারের দায়িত্ব হলেও বর্তমান শাসক দলের নীতিতে সেই দায়বদ্ধতার অভাব স্পষ্ট।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (K. C. Venugopal) জানিয়েছেন, কোটা থেকেই শুরু হচ্ছে দেশব্যাপী ছাত্র সম্মেলনের কর্মসূচি। আগামী ১০ জুলাই প্রয়াগরাজ, ১১ জুলাই পটনা এবং ১৪ জুলাই দিল্লিতে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, যুব সংগঠন এবং শিক্ষাবিদদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে রাহুলের এই কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। দলের সাংসদ সম্বিত পাত্র অভিযোগ করেছেন, নিট-ইউজি পরীক্ষার ঠিক আগে এই ধরনের সমাবেশ করে ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, জনজীবনে দায়িত্বশীল আচরণ করা উচিত বিরোধী নেতার। সম্বিত পাত্রের কথায়, “রাহুল গান্ধীর রাজনৈতিক আচরণে দায়িত্ববোধের অভাব বরাবরই দেখা গিয়েছে। পরীক্ষার আগে ছাত্রদের মধ্যে অযথা চাপ এবং উদ্বেগ তৈরি করা উচিত নয়।”
নিট-ইউজির পুনরায় পরীক্ষার বিষয়টিকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন ছাত্র-যুবদের ইস্যুতে শাসক ও বিরোধী শিবিরের এই রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।