“বিজেপির প্রশ্নফাঁস সরকার”, কটাক্ষ কংগ্রেসের

আবারও প্রশ্নফাঁসের অভিযোগ। মহারাষ্ট্রে স্থগিত করা হল শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট)।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : প্রশ্নফাঁসের অভিযোগে মহারাষ্ট্রে স্থগিত করা হল শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট)। পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্তের ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন লক্ষাধিক পরীক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধী কংগ্রেসের অভিযোগ, বিজেপি শাসিত মহারাষ্ট্রে প্রশ্নফাঁস এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এগ্‌জামিনেশন (এমএসসিই)-এর তরফে শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ জুন রাজ্য জুড়ে যে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। রাজ্যের ১,০২৮টি পরীক্ষাকেন্দ্রে ওই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল বলেও জানিয়েছে কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি নিট-ইউজি পরীক্ষা ঘিরে যে অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগ সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে টেট পরীক্ষার জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু শনিবার ভোরে গোপন সূত্রে খবর পাওয়া যায়, ভিওয়ান্ডি এলাকায় কয়েক জনের কাছে টেট পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত তথ্য রয়েছে।

এর পরেই ভিওয়ান্ডি পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালায়। তদন্তে উঠে আসে, উদ্ধার হওয়া অননুমোদিত প্রশ্নপত্রের বেশ কয়েকটি প্রশ্ন মূল টেট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। এই ঘটনার পরই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

পরিস্থিতির গুরুত্ব বিচার করে পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এমএসসিই। পাশাপাশি, গোটা ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন পরীক্ষার দিনক্ষণ এবং অন্যান্য তথ্য কাউন্সিলের সরকারি ওয়েবসাইটে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনাকে হাতিয়ার করে বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। সমাজমাধ্যম এক্সে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ‘‘বিজেপি সরকারের আমলে এমন কোনও পরীক্ষা নেই, যার প্রশ্নফাঁস হয়নি। এই সরকার এখন ‘পেপার লিক সরকার’-এ পরিণত হয়েছে।’’

প্রসঙ্গত, সম্প্রতি নিট-ইউজি ২০২৬ পরীক্ষাও প্রশ্নফাঁস বিতর্কে জড়িয়ে পড়েছিল। সেই বিতর্কের আবহেই গত ২১ জুন দেশজুড়ে এবং বিদেশের ১৪টি কেন্দ্রে নিটের পুনরায় পরীক্ষা হয়। ফলে টেট স্থগিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের এক বার দেশের পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, বারবার প্রশ্নফাঁসের ঘটনা পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি সরকারি নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেও ধাক্কা দিচ্ছে।