রেলের টিকিটে বড় বদল! বন্ধ হচ্ছে RAC?

এবার কি ইতিহাস হতে চলেছে আরএসি? রেলের টিকিটে বড় বদলের ভাবনা, উঠে যেতে পারে দুজনের এক বার্থ ভাগের নিয়ম। ট্রেনের টিকিট কেটেছেন, ভাড়াও দিয়েছেন পুরো। অথচ যাত্রার সময় নিজের জন্য বরাদ্দ গোটা একটা বার্থ নেই। পাশের অপরিচিত যাত্রীর সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে একটিমাত্র সিট। বছরের পর বছর ধরে ভারতীয় রেলের এই নিয়মেই সফর করছেন লক্ষ লক্ষ যাত্রী। কিন্তু এবার কি সেই ছবিটাই বদলাতে চলেছে? বন্ধ হতে চলেছে কি রেলের বহু পুরনো আরএসি ব্যবস্থা? সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়ে এবার নড়েচড়ে বসেছে রেল মন্ত্রক। তবে কি এবার থেকে পুরো ভাড়া দিলে মিলবে গোটা বার্থ? নাকি যাত্রীদের জন্য আসছে অন্য কোনও বিকল্প? জোরালো হচ্ছে জল্পনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভাবুন তো, দীর্ঘ পথের ট্রেনযাত্রা। টিকিট কনফার্ম না হলেও আরএসি-তে সফরের সুযোগ মিলেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেই ট্রেনে উঠলেন। কিন্তু কামরায় গিয়ে দেখলেন, আপনার জন্য বরাদ্দ একটি সাইড-লোয়ার বার্থ। আর সেই একই বার্থ ভাগ করে নিতে হবে অন্য এক যাত্রীর সঙ্গে। অথচ ভাড়ার অঙ্কে কোনও ভাগাভাগি নেই। দুজনকেই দিতে হচ্ছে পুরো টাকা। বছরের পর বছর ধরে চলে আসা এই নিয়ম নিয়েই এবার বড়সড় প্রশ্ন। যে ব্যবস্থাকে এতদিন যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে দেখা হত, এবার সেই আরএসি-ই কি বাতিলের পথে? ভারতীয় রেলে সংরক্ষিত আসনের নিয়মে আসতে পারে বড় পরিবর্তন। সূত্রের খবর, আরএসি ব্যবস্থা তুলে দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রেল মন্ত্রক। কেন এই বিতর্ক? বর্তমান নিয়মে আরএসি টিকিটে দুজন যাত্রীকে একটি সাইড-লোয়ার বার্থ দেওয়া হয়। অর্থাৎ, বসার জায়গা ভাগ করে নিতে হয় দুজনকে। অথচ দুজনের কাছ থেকেই নেওয়া হয় সম্পূর্ণ ভাড়া। বিশেষ করে দীর্ঘ যাত্রায় ঘুমানো, বিশ্রাম নেওয়া কিংবা ব্যক্তিগত পরিসর বজায় রাখা কার্যত কঠিন হয়ে পড়ে। দুই যাত্রীর মধ্যে একজন পুরুষ ও অন্যজন মহিলা হলে অস্বস্তি আরও বাড়ে। এমন পরিস্থিতিতে বিকল্প আসনের ব্যবস্থা করতে গিয়ে সমস্যায় পড়েন টিকিট পরীক্ষকরাও।

এবার এই ব্যবস্থার ন্যায্যতা নিয়েই প্রশ্ন তুলেছে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি সংসদে পেশ হওয়া রিপোর্টে আরএসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিটির সুপারিশ, যে যাত্রী পূর্ণ বার্থ পাচ্ছেন না, তাঁকে পুরো ভাড়া দিতে বাধ্য করা উচিত নয়। প্রয়োজনে ভাড়ার একটা অংশ ফেরত দেওয়ার ব্যবস্থাও খতিয়ে দেখা দরকার। আসলে একসময় রেলের সংরক্ষণ ব্যবস্থা ছিল মূলত ম্যানুয়াল। কোনও যাত্রী টিকিট বাতিল করলে সেই আসন অন্য যাত্রীকে দেওয়ার প্রক্রিয়া সহজ ছিল না। সেই পরিস্থিতিতে আরএসি চালু করা হয়েছিল। দুজনকে একটি বার্থে জায়গা দিয়ে যাত্রার সুযোগ করে দেওয়া হত। পরে কেউ টিকিট বাতিল করলে অন্য যাত্রী পূর্ণ বার্থ পাওয়ার সুযোগ পেতেন। কিন্তু সময় বদলেছে, বদলেছে রেলের প্রযুক্তি। এখন অনলাইনেই মুহূর্তে টিকিট বাতিল এবং আসনের হিসাব রাখা সম্ভব। ফলে প্রশ্ন উঠছে, প্রযুক্তির এই যুগেও কেন একই নিয়ম বহাল থাকবে?

বন্দে ভারত স্লিপার এবং নতুন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে আরএসি ব্যবস্থা রাখা হয়নি। সেখানে শুধুমাত্র কনফার্মড বার্থ দেওয়ার ব্যবস্থাই রয়েছে। ফলে রেলের নতুন ট্রেনগুলিতে যখন এই বিকল্প থাকছে না, তখন পুরনো ট্রেনগুলিতে কেন যাত্রীদের একই সমস্যার মুখে পড়তে হবে, সেই প্রশ্নও উঠছে। তবে পুরো ব্যবস্থা বাতিল হবে, নাকি আরএসি যাত্রীদের আংশিক ভাড়া ফেরতের নিয়ম চালু হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি। তাহলে কি এবার থেকে ট্রেনে আর ভাগাভাগি করে বার্থে সফর করতে হবে না? পুরো ভাড়া দিয়ে অর্ধেক বার্থ পাওয়ার দিন কি শেষ হতে চলেছে? নাকি যাত্রীদের জন্য নতুন কোনও নিয়ম আনবে ভারতীয় রেল? এখন সেই দিকেই নজর দেশজুড়ে রেলযাত্রীদের।