এসআইআর (SIR) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO দের বর্তমান একটি তালিকা তৈরি করতে হবে। আগের ভোটার তালিকা দেখে বের করতে হবে আগের তালিকায় কাদের নাম ছিল, এখন কাদের নাম নেই। জানুন বিস্তারিত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে বিশেষ অভিযান।২০ টি রাজ্যের সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।সেই মতো এই অভিযান চালানো হচ্ছে দেশের ২০টি রাজ্য়ে যেখানে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, এইসব রাজ্যে যাঁদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, তাঁদের বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা, তেমনই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ।
শুধুমাত্র নাম বাদ যাওয়া ভোটাররাই নয়, নতুন ভোটারদের নাম যুক্ত করতে ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, বুথ লেভেল অফিসারদের (BLO) বর্তমান একটি তালিকা তৈরি করতে হবে। আগের ভোটার তালিকা দেখে বের করতে হবে আগের তালিকায় কাদের নাম ছিল, এখন কাদের নাম নেই।
এই বিশেষ অভিযানে ঠিক কী কী করা হবেঃ
প্রথমত, BLO-রা বর্তমান ভোটার তালিকার সঙ্গে আগের ভোটার তালিকা তুলনা করবেন। যাদের নাম SIR-এর আগের তালিকায় ছিল কিন্তু বর্তমান তালিকায় নেই, তাদের একটি তালিকা তৈরি করবেন ওনারা। এরপর BLO-রা এই চিহ্নিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানবেন। যেখানে কোনও ব্যক্তিকে যোগ্য মনে হবে, সেখানে ‘ফর্ম ৬’-এর মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করা হবে। এছাড়াও স্বীকৃত রাজনৈতিক দলগুলোর হাতে তালিকা তুলে দেওয়া হবে। এরপর ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট- এর তালিকাটি ERO-র সঙ্গে শেয়ার করবেন BLO-রা । এই প্রক্রিয়ার শেষে তৈরি করা বুথ-ভিত্তিক তালিকা ERO রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা বাদ পড়া ভোটারদের নাম নথিভুক্ত করানোর আর একটি সুযোগ পান। এছাড়া, যাদের ঘরবাড়ি নেই, সেই সব অসহায় মানুষ বা গোষ্ঠীদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ একটি ক্যাম্পের আয়োজন করা হতে পারে সরকারের তরফে।আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে এই বিশেষ অভিযান।