আপনার ঘরে রেশন আসছে তো? কিন্তু হঠাৎ যদি দেখেন, কার্ডটাই আর অ্যাক্টিভ নেই। তাহলে পুজোর মুখে মাথায় হাত পড়তে পারে। কারণ ১ অক্টোবর থেকেই প্রায় ১ কোটি ৫৮ লক্ষ সাইলেন্ট রেশন কার্ড নিয়ে শুরু হতে পারে বড়সড় পদক্ষেপ। ছমাস রেশন না তুললেই কি আপনার কার্ডও চলে যাবে নিষ্ক্রিয়ের তালিকায়? নাকি এখনও সময় আছে কার্ড বাঁচানোর? কোন ভুলে বন্ধ হতে পারে রেশন, আর কী করলেই আবার চালু হবে আপনার কার্ড? যেনে নিন এই প্রতিবেদনে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পশ্চিমবঙ্গে পালা বদলের পরই রেশন কার্ডের দিকে বিশেষ নজর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তাদের দাবি, পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে। মৃত মানুষের নামেও অ্যাক্টিভ রয়েছে কার্ড। এমন পরিস্থিতিতে দ্রুত ভুয়ো কার্ড এবং মৃত মানুষের রেশন কার্ড বাতিল করার কাজে লেগে পড়েছে সরকার। সেই মতো চলছে অভিযান। ইতিমধ্যেই প্রচুর রেশন কার্ড ক্যানসেল হয়ে গিয়েছে। অসংখ্য কার্ডকে করা হয়েছে ডিঅ্যাক্টিভেট। এখন প্রশ্ন হল, আপনার কার্ডটি ঠিক আছে তো? রেশন কার্ড বাতিল হয়নি তো? কর্মসূত্রে বাইরে রয়েছেন? বাড়িতে কেউ না থাকায় আপনি টানা ছমাস রেশন তুলতে যাননি? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বড় ঝটকা। ১ অক্টোবরের পর আর পাবেন না রেশনের পণ্য। তাহলে জেনে রাখুন, এইরকম ছমাস ব্যবহার না করা রেশন কার্ডগুলিকে সাইলেন্ট কার্ড হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়া কার্ডগুলির পাশাপাশি মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া উপভোক্তা এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদেরও তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফে।
তবে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেই সুবিধা পুরোপুরি শেষ হয়ে যাবে না। ১ অক্টোবর থেকে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত ই-কেওয়াইসির মাধ্যমে কার্ড পুনরায় সক্রিয় করার সুযোগ দেওয়া হতে পারে। অর্থাৎ প্রকৃত উপভোক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের তথ্য যাচাই করিয়ে ফের রেশন পরিষেবা চালু করতে পারবেন। এই প্রক্রিয়ায় ভোটার কার্ড, আধার এবং গণবণ্টন ব্যবস্থার তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। এর মাধ্যমে একই ব্যক্তির একাধিক তথ্য, মৃত উপভোক্তা কিংবা এমন কার্ডধারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, যাঁরা রেশন ব্যবস্থা থেকে কোনও সুবিধা নেন না। সরকারি পরিষেবা পাওয়ার জন্য রেশন কার্ড তৈরি করা হলেও যাঁরা নিয়মিত পিডিএসের মাধ্যমে রেশন নেন না, তাঁদের কার্ডও এই যাচাইয়ের আওতায় আসতে পারে।