AIFF নির্বাচনে কল্যাণের বড় ধাক্কা, সভাপতি পদে কি শেষ ইনিংস?

ভারতীয় ফুটবলের মসনদে কি শেষ হতে চলেছে কল্যাণ চৌবের ইনিংস? আসন্ন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) নির্বাচন ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। ভোটাধিকার পাওয়ার জন্য কোনও রাজ্য সংস্থার সমর্থনই কার্যত পেলেন না বর্তমান সভাপতি কল্যাণ। তার উপর শেষ মুহূর্তে বড় ধাক্কা দিল দমন ও দিউ। শনিবার কল্যাণের নাম প্রতিনিধি হিসাবে পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিল ওই রাজ্য সংস্থা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে দমন ও দিউয়ের তরফে কল্যাণের নাম জমা পড়ায় প্রশ্ন উঠেছিল, নির্বাচনী আধিকারিক সেই মনোনয়ন গ্রহণ করবেন কি না। সেই বিতর্কের মধ্যেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত। ফলে নির্বাচনে লড়ার রাস্তা আরও কঠিন হয়ে পড়ল কল্যাণের সামনে।

এখন নজর জম্মু ও কাশ্মীরের দিকে। সূত্রের খবর, ওই রাজ্য সংস্থা তাদের নির্বাচনের মাধ্যমে দু’জন প্রতিনিধির নাম পাঠাতে পারে। কিন্তু সেই তালিকায় কল্যাণের নাম থাকার সম্ভাবনা কম বলেই খবর। কোনও ভাবে সেখানে নিজের নাম ঢোকাতে পারলে নির্বাচনে লড়ার শেষ সুযোগ পেতে পারেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাও ক্ষীণ।

প্রসঙ্গত, AIFF নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কোনও একটি রাজ্য সংস্থার প্রতিনিধি হিসাবে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। এখনও পর্যন্ত সেই যোগ্যতা অর্জন করতে পারেননি কল্যাণ। AIFF সভাপতি হিসাবে একটি কার্যকাল শেষ করলেও নতুন ক্রীড়া আইন অনুযায়ী, পুরনো সংবিধানের নিয়মে নির্বাচনে লড়ার সুযোগ তাঁর থাকছে না বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

এত দিন যে রাজনৈতিক ও প্রশাসনিক সমর্থন কল্যাণের পাশে ছিল বলে মনে করা হত, এখন পরিস্থিতি বদলেছে। একের পর এক ধাক্কায় তাঁর অবস্থানও দুর্বল হচ্ছে। বড় প্লেয়ার থেকে কি শেষ পর্যন্ত গড়পড়তা প্রতিযোগী হয়ে যেতে হবে কল্যাণকে? AIFF নির্বাচনের আগে সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।