উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে বিজেপিকে নিশানা মমতার!

তৃণমূলের প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু ঘিরে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজনৈতিক আনুগত্যের ‘শাস্তি’ হিসাবেই উজ্জ্বলকে মিথ্যা মামলায় ফাঁসানো, জেলে রাখা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। এই ঘটনাকে বাংলায় বিজেপির ‘প্রতিহিংসা, ভয় দেখানো এবং নিপীড়নের রাজনীতি’র নিদর্শন বলেও মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বুধবার সমাজমাধ্যমে উজ্জ্বলের মৃত্যুতে শোকপ্রকাশ করে মমতা লেখেন, তাঁর মৃত্যু ব্যক্তিগতভাবে অত্যন্ত বেদনাদায়ক। প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক উজ্জ্বল দীর্ঘ দিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের প্রতি তাঁর আনুগত্য ও মানুষের জন্য কাজকে স্মরণ করেন মমতা।

তবে শোকবার্তার সুর দ্রুতই বদলে যায় রাজনৈতিক আক্রমণে। মমতার অভিযোগ, জীবনের শেষ কয়েক মাসে উজ্জ্বলকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তা ছিল ‘প্রতিহিংসার রাজনীতি’র ভয়াবহ উদাহরণ। তাঁর দাবি, রাজনৈতিক অবস্থান বদলাতে অস্বীকার করার কারণেই উজ্জ্বলকে হেনস্থা ও নির্যাতনের শিকার হতে হয়েছিল।

মমতা বলেন, কয়েক মাস আগে উজ্জ্বলকে ‘নৃশংস ভাবে’ মারধর করা হয়েছিল। তার পর তাঁকে ৪৯ দিন জেলে থাকতে হয়। একাধিক ‘মিথ্যা মামলা’য় জড়িয়ে তাঁকে শারীরিক ও মানসিক ভাবে প্রচণ্ড কষ্ট দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তৃণমূলনেত্রীর।

উজ্জ্বলের সঙ্গে নিজের শেষ দিকের সাক্ষাতের কথাও স্মরণ করেছেন মমতা। তাঁর দাবি, সেই সাক্ষাতে উজ্জ্বল তাঁকে ‘নির্যাতন, অপমান এবং ভয় দেখানোর’ নানা ঘটনা জানিয়েছিলেন। রাজনৈতিক বিশ্বাস ও আনুগত্য না বদলানোর কারণেই তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে অভিযোগ করেন মমতা।

তাঁর কথায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনও এমন নিষ্ঠুর হতে পারে না। মিথ্যা মামলা দিয়ে কারও মনোবল ভেঙে দেওয়া হলে আঘাত আসে গণতন্ত্রের উপরেই—বার্তা মমতার।

৭২ বছর বয়সী উজ্জ্বল দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ কয়েক দিন তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া তৃণমূলের অন্দরে।