মাইক বন্ধ হওয়ায় বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৈঠকে একাধিকবার মাইক বিকল হওয়ায় ক্ষোভ ফেটে পড়েন তিনি। আজ ইন্ডোর সভায় বক্তব্য রাখতে গিয়ে যান্ত্রিক ত্রুটি হওয়ায় সরাসরি মাইকম্যান ও আয়োজকদের তুলোধোনা করলেন মমতা।

এসআইআর বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার বিএলএদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে নির্বাচন কমিশন, কেন্দ্র সরকার ও বিজেপির উদ্দেশ্যে কড়া সমালোচনা করেন মমতা। এদিকে এই বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় মাইক বিভ্রাটে পড়লেন তিনি। আর তাতেই বেজায় চটলেন মুখ্যমন্ত্রী। মেজাজ হারিয়ে নেতাজি ইন্ডোরের কর্মীদেরও ধমক দিলেন তিনি। এমনকী এই মাইকের সমস্যা ইচ্ছাকৃত করা হচ্ছে বলেও সন্দেহপ্রকাশ করেন মমতা।

বৈঠকে একাধিকবার মাইক বিকল হওয়ায় ক্ষোভ ফেটে পড়েন তিনি। আজ ইন্ডোর সভায় বক্তব্য রাখতে গিয়ে যান্ত্রিক ত্রুটি হওয়ায় সরাসরি মাইকম্যান ও আয়োজকদের তুলোধোনা করলেন মমতা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “টাকা নিয়ে কাজ করছেন, সেটা আপনাদের প্রাপ্য, তবে সার্ভিস দেবেন না এটা খুব খারাপ। এরপর কিন্তু আমি অ্যাকশন নেব।” তাঁর আরও অভিযোগ, আগের দিনের ইন্ডাস্ট্রির মিটিংয়েও একই সমস্যা হয়েছি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “পুলিশ কী করে? তাঁরা কেন বিষয়গুলো দেখে না?” এমনকি এই বারবার ঘটে চলা বিভ্রাটকে ‘অন্তর্ঘাত’ বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

যদিও পরবর্তীকালে সমস্যার সমাধান হওয়ায় ফের বক্তৃতা দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। এদিন নির্বাচন কমিশনকে বেনজির আক্রমন করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এসআইআর চলকালীন বারবার নির্দেশ পরিবর্তন করেছে কমিশন। আপনারা অপরাধী, বিজেপি অপরাধী। বিজেপিকে জেতানোর জন্য পুরো দেশটাকে ভাসিয়ে দিচ্ছে। ওরা ভেবেছে এভাবে জিতলে বলবার কেউ থাকবে না। এরা বিজেপির ক্রীতদাসে পরিণত হয়েছে”।