ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে ছেড়ে বিদেশে চাকরি করতে যেতে চাননি। সেই কারণেই কি কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের হুমকি দিয়েছিলেন এক যাত্রী? পুলিশি জেরায় ধৃত যাত্রীর বয়ানে তেমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাঁর দাবি, তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই ক্যানসারে আক্রান্ত। অসুস্থ স্ত্রীকে একা রেখে দক্ষিণ আফ্রিকায় চাকরি করতে যাওয়ার কথা ভাবতে পারছিলেন না তিনি। সেই কারণেই বিমানের শৌচাগারে হাইজ্যাকের হুমকি লিখেছিলেন বলে অভিযোগ।

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা
বুধবার কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার AI 2772 বিমানের শৌচাগারে হাইজ্যাকের হুমকি লেখা রয়েছে বলে খবর ছড়ায়। উড়ানের আগে বিষয়টি নজরে আসতেই বিমানটিকে কলকাতা বিমানবন্দরের আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।
এই ঘটনায় এক পুরুষ যাত্রীকে আটক করে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় ওই যাত্রী স্বীকার করেছেন, বিমানের শৌচাগারে হাইজ্যাকের হুমকি লেখা তাঁরই কাজ। তদন্তকারীদের কাছে তিনি নিজের পারিবারিক ও শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন বলেও খবর।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এবং তাঁর স্ত্রী দু’জনেই ক্যানসারে আক্রান্ত। দক্ষিণ আফ্রিকায় চাকরির সুযোগ পেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে চলে যেতে রাজি ছিলেন না তিনি। সেই পরিস্থিতি থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি তাঁর।
অভিযুক্তের অসুস্থতা এবং পারিবারিক পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত তাঁর পরিচয় প্রকাশ্যে আনতে চাইছে না পুলিশ। শনিবার তাঁকে আদালতে পেশ করার কথা।
অন্য দিকে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র আধিকারিকেরাও। হুমকি দেওয়ার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য বা যোগসূত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তাঁরা। অভিযুক্তের কাছ থেকে একাধিক বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন নজর।