শীতের আমেজ ক্রমশ বাড়ছে বাংলায়। বিশেষ করে রাত ও ভোরের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডার পরশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত তিন দিনে রাজ্যের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী দু’দিনেও পারদ পতনের ধারা অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও শীতের অনুভূতি বাড়বে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রির কাছাকাছি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
শীতের হালকা আমেজের মধ্যেই নতুন করে ঘূর্ণাবর্তের আশঙ্কা বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বড়সড় দুর্যোগের কোনও আশঙ্কার কথা জানানো হয়নি। তবে বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন আবহবিদরা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে আগামী সপ্তাহে ঘূর্ণাবর্তের প্রভাব কতটা পড়ে, তা নিয়ে নজর রাখছেন আবহবিদরা। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদলের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে ফের নামতে পারে তাপমাত্রার পারদ। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।