১০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মেটার!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দাপটে বদলে যাচ্ছে তথ্যপ্রযুক্তি শিল্পের কর্মসংস্থানের ছবিও। মাইক্রোসফট, গুগলের পর এ বার কর্মী কমানোর পথে ফেসবুকের মূল সংস্থা মেটা। ফ্রান্সে প্রায় ১০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মার্ক জ়ুকারবার্গের সংস্থা। বিনিময়ে মিলবে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ। ফরাসি সংবাদমাধ্যম ‘লা লেটরে’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে মেটার মোট কর্মীসংখ্যা প্রায় ৩০০। তাঁদের মধ্যে কাদের এই প্রস্তাব দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের শ্রম আইন মেনে ‘রাপচুর কনভেনসিওনেল কালেক্টিভ’ (RCC) পদ্ধতিতে এই কর্মীসংকোচনের পরিকল্পনা করেছে মেটা। এই ব্যবস্থায় সংস্থা এবং শ্রমিক সংগঠনের মধ্যে আলোচনার মাধ্যমে স্বেচ্ছায় চাকরি ছাড়ার শর্ত স্থির হয়। আগ্রহী কর্মীদের ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। গত জুলাই থেকেই এ নিয়ে আলোচনা চলছে বলে খবর।

প্রস্তাবিত ক্ষতিপূরণ প্যাকেজও বেশ আকর্ষণীয়। সংস্থায় কাজের প্রতি বছরের জন্য ২.১৫ মাসের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার কথা ভাবছে মেটা। পাশাপাশি ১০ মাসের ‘মোবিলিটি লিভ’ দেওয়া হতে পারে। এই সময়ে কর্মীরা তাঁদের মোট বেতনের ৮০ শতাংশ পাবেন। নতুন পেশায় যাওয়ার প্রশিক্ষণ কিংবা ব্যবসা শুরু করতে চাইলেও অতিরিক্ত সাহায্যের প্রস্তাব রয়েছে।

তবে এই প্রথম নয়। ২০২৩ সালেও ফ্রান্সে একই পদ্ধতিতে ৮৮ জন কর্মীকে সংস্থা ছাড়ার প্রস্তাব দিয়েছিল মেটা।

এ দিকে, এআই পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার। ২০২৬ সালে এই খাতে ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচের লক্ষ্যমাত্রা রয়েছে। এপ্রিলে বিশ্ব জুড়ে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথাও জানিয়েছিল সংস্থা। পাশাপাশি প্রায় ৭ হাজার কর্মীকে এআই সংক্রান্ত কাজে পুনর্বিন্যাস করা হয়েছে বলে খবর।

প্রযুক্তি সংস্থাগুলির এই কর্মী পুনর্গঠনের প্রবণতা ক্রমেই বাড়ছে। এআইয়ের প্রসারের ফলে ভবিষ্যতে কর্মসংস্থানের ছবিতে আরও বড় বদল আসতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।