গঙ্গাসাগরে উপপ্রধানের নামে নিখোঁজ পোস্টার!

উপপ্রধানের অনুপস্থিতির কারণে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নিখোঁজ গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান হরিপদ মণ্ডল। তাঁকে এলাকায় দেখতে না পাওয়ায় এবার তাঁর ছবি ও নাম সম্বলিত ‘নিখোঁজ’ পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ​অভিযোগ, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উপপ্রধান হরিপদ মণ্ডলকে আর এলাকায় দেখা যাচ্ছে না। এমনকি তিনি পঞ্চায়েতেও আসছেন না।পঞ্চায়েতের তরফে একটি গ্রামসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, হরিপদ মণ্ডলের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ রয়েছে এবং তাঁকে সেই হিসেব দিতে হবে। ​বৈঠকে উপপ্রধানের অনুপস্থিতির কারণে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পঞ্চায়েতের গেট এবং কালিবাজার এলাকায় উপপ্রধানের ছবিসহ ‘নিখোঁজ উপপ্রধান’ লেখা পোস্টার সাঁটিয়ে দেন। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, উপপ্রধানের সঙ্গে তাঁরও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বা যোগাযোগ করা যায়নি।
​বিজেপির দাবি, দুর্নীতির দায় এড়াতেই গা ঢাকা দিয়েছেন এই জনপ্রতিনিধি। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। যদিও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উপপ্রধানের আচমকা অন্তর্ধান ও পঞ্চায়েত প্রধানের এহেন মন্তব্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে রহস্য ও জল্পনা।