হলদিয়ার সভায় ৬ গ্যারেন্টি মোদীর

ভবানীপুরের পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

মাম্পি রায়, সাংবাদিক : পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে সুর চড়িয়ে ৬ গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নির্বাচনী সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি তুলে ধরলেন বিজেপির ছয় গ্যারান্টির কথা। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প, দুর্নীতি, মহিলাদের নিরাপত্তা এবং শরণার্থী ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন মোদী।

সভামঞ্চ থেকে মোদী ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে “ভয়ের পরিবেশের বদলে ভরসার পরিবেশ” তৈরি করা হবে। তাঁর কথায়, “সরকার মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।” দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী জানান, অতীতের সব ফাইল খোলা হবে এবং যেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকুক, তাকে আইনের মুখোমুখি হতে হবে। “মন্ত্রীসান্ত্রী হলেও ছাড় নেই, জায়গা হবে জেলে,”—হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মহিলাদের নিরাপত্তা নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মা-বোনেদের জীবন ও মানসম্মান রক্ষা করা আমাদের প্রথম অগ্রাধিকার। এই গ্যারান্টি শুধু বিজেপিই দিতে পারে।” একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ‘গুণ্ডারাজ’ চালানোর অভিযোগ তুলে প্রধানমন্ত্রী দাবি করেন, ক্ষমতায় এলে কোনও অপরাধীকেই রেয়াত করা হবে না এবং দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের পথ বন্ধ করা হবে। তার সঙ্গে মোদীর আশ্বাস, “বিজেপি শাসিত রাজ্যে রোজগার মেলা হয়, এরাজ্যে বিজেপি ক্ষমতায় এলেও এখানে রোজগার মেলার মাধ্যমে কর্মসংস্থান বাড়বে।”

শরণার্থী এবং অনুপ্রবেশ ইস্যুতেও স্পষ্ট বার্তা দেন মোদী। তিনি বলেন, “যাঁরা প্রকৃত শরণার্থী, তাঁদের সব অধিকার দেওয়া হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে।” এছাড়া রাজ্যে সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘প্রাইম মিনিস্টার’-এর আদ্যক্ষর ‘পিএম’ শব্দটি অপছন্দ করার কারণেই বহু প্রকল্প রাজ্যে কার্যকর হয়নি। “আয়ুষ্মান ভারত বা পিএম জনআরোগ্য যোজনার মতো প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি,”—অভিযোগ তুললেন মোদী।

অর্থনীতি ও কৃষি ক্ষেত্রেও রাজ্য সরকারকে নিশানা করেন মোদী। বিশেষ করে মৎস্য উৎপাদন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বাংলায় মাছের বিপুল চাহিদা থাকলেও রাজ্য স্বনির্ভর নয়। অন্য রাজ্য থেকে মাছ আমদানি করতে হচ্ছে, যা গত ১৫ বছরে তৃণমূল সরকারের ব্যর্থতার প্রমাণ।”

হলদিয়ার সভা থেকে আত্মবিশ্বাসের সঙ্গে মোদী বলেন, “পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।” 

সব মিলিয়ে হলদিয়ার সভা থেকে একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির ঝুলি খুললেন প্রধানমন্ত্রী, তেমনই তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ভোট বঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ালেন তিনি।