জয়ের আনন্দে ঢাকা গেল না মহামেডানের অন্দরের বিতর্ক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : মাঠে জয়, কিন্তু মাঠের বাইরের বিতর্কে চাপে মহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের নবনির্বাচিত সভাপতি হুমায়ুন কবীরের দেওয়া মোট দেড় কোটি টাকার তিনটি চেক বাউন্স হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র অস্বস্তি তৈরি হয়েছে ক্লাবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ম্যাচ শেষে ক্ষুব্ধ সদস্যদের একাংশ ক্লাবের সহ-সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান বলে ক্লাব সূত্রে খবর।
সূত্রের দাবি, চলতি মাসের ১৭, ২০ এবং ৩০ তারিখে মহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ৫০ লক্ষ টাকা করে মোট তিনটি চেক দেন হুমায়ুন কবীর। কিন্তু ব্যাঙ্কে জমা দেওয়ার পর তিনটিই বাউন্স করে। ফলে আর্থিক সঙ্কট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ক্লাবের অন্দরে।
মহামেডান সূত্রের দাবি, সভাপতি পদে আসীন হওয়ার সময় ক্লাবের প্রায় ১৩ কোটি টাকার বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছিলেন হুমায়ুন। সেই প্রতিশ্রুতির পরপরই তিনটি চেক বাউন্স করায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর আর্থিক প্রতিশ্রুতি এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে।
যদিও অভিযোগ উড়িয়ে দেননি হুমায়ুন কবীর। তাঁর দাবি, এটি সাময়িক সমস্যা। অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত জটিলতা মিটে যাবে এবং ক্লাবের আর্থিক বিষয়েও কোনও সমস্যা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এই বিতর্কের মধ্যেই কলকাতা লিগে মাঠে অবশ্য স্বস্তির জয় পেয়েছে মহামেডান। সুরুচি সংঘকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সাদা-কালো ব্রিগেড। তবে মাঠের সাফল্যের আড়ালে ক্লাবের আর্থিক অনিশ্চয়তা এবং প্রশাসনিক টানাপোড়েনই এখন সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দু।