একদিনে একাধিক উন্নয়ন প্রকল্প, নতুন প্রত্যাশায় ফলতার মানুষ

উন্নয়নের নতুন ছবিতে ফের চর্চায় ফলতা মডেল বিধানসভা। একদিনে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘিরে এলাকায় তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। কোথাও সাধারণ মানুষের জন্য ‘মা আহার’, কোথাও আধুনিক বাজার তৈরির উদ্যোগ, আবার কোথাও প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্যুতিক চুল্লি। পাশাপাশি হুগলি নদীর তীরে তৈরি হয়েছে তর্পণ ঘাট।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

বিজেপির দাবি, বিধানসভা নির্বাচনের সময় ফলতা কেন্দ্রে একাধিক জনসভায় এসে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলতাকে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন। রাজনৈতিক পালাবদলের পর সেই লক্ষ্যেই একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সেই পরিকল্পনারই আরও এক ধাপ হিসেবে ফলতার বিভিন্ন এলাকায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল।

হরিণডাঙ্গায় সাধারণ মানুষের জন্য উদ্বোধন করা হয়েছে ‘মা আহার’ প্রকল্প। একইসঙ্গে বাজারের পরিকাঠামো উন্নত করতে সেখানে একটি সুপার মার্কেট তৈরির শিলান্যাস করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। অন্যদিকে, শ্যামসুন্দরপুর এলাকায় প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরির শিলান্যাস করা হয়েছে। দীর্ঘদিনের প্রয়োজন মেটাতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে মৃতদেহ সৎকারের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে বলে দাবি।

এছাড়াও রামনগরে হুগলি নদীর তীরে তৈরি তর্পণ ঘাটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ, ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা-সহ বিজেপির একাধিক নেতৃত্ব। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ফলতা মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নের কাজ আরও গতি পেয়েছে। আগামী দিনে আরও একাধিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।