সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন সজল ঘোষ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নবগঠিত রাজ্য সরকারের প্রথম ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরলেন বিজেপি নেতা সজল ঘোষ। সাংবাদিক বৈঠক করে সরকারের একাধিক পদক্ষেপ ও সাফল্যের কথা তুলে ধরে তাঁর দাবি, সীমান্ত নিরাপত্তা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং নারী সুরক্ষা—বিভিন্ন ক্ষেত্রে দ্রুত কাজ শুরু হয়েছে।
সজলের দাবি, সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে প্রয়োজনীয় জমি হস্তান্তর-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কলকাতা মেট্রোর সম্প্রসারণ ও পরিকাঠামোগত উন্নয়নের কাজও ফের গতি পেয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যক্ষেত্রে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প রাজ্যে সম্পূর্ণ ভাবে চালু করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার। তাঁর বক্তব্য, যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন না, তাঁদের জন্য পৃথক ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প’ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া থমকে থাকা জনগণনা বা জনসংখ্যা সংকলনের কাজ পুনরায় শুরু হয়েছে বলেও জানান তিনি।
সরকারি চাকরির ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সুবিধা দিতে বয়স এবং সময়সীমায় অতিরিক্ত সুযোগ দেওয়ার কথাও তুলে ধরেন সজল। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ডের নতুন ডিলিমিটেশন সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, এর ফলে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজ আরও দ্রুত করা সম্ভব হবে।
আইনশৃঙ্খলার ক্ষেত্রেও ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে দাবি করেন সজল। শহরাঞ্চলে বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ, তোলাবাজি ও মস্তানি বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তাঁর দাবি, অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না। এমনকি বিজেপির কোনও কর্মী অপরাধে যুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।
শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও সরকারের সাফল্যের দাবি করেছেন সজল। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই রাজ্যে ১,০০০ কোটি টাকার বেশি নতুন বিনিয়োগ নিশ্চিত হয়েছে। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার করা হয়েছে বলেও জানান তিনি।
সজলের বক্তব্য, প্রথম ১০০ দিনের এই পদক্ষেপগুলিই আগামী দিনে রাজ্যের প্রশাসনিক ও আর্থিক সংস্কারের ভিত্তি আরও মজবুত করবে।