গঙ্গাসাগরের মুড়িগঙ্গা সেতু

দ্রুত গতিতে চলছে দোকান সরানোর কাজ, বাজেটে বরাদ্দ ১০০ কোটি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত দীর্ঘ প্রতীক্ষিত সেতু নির্মাণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। ২০২৬-এর রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে মেশিনারি সংগ্রহ এবং অবশিষ্ট জমি অধিগ্রহণের উদ্দেশ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে।
​বর্তমানে কাকদ্বীপ পয়েন্টে সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে গঙ্গাসাগরের কচুবেড়িয়া এলাকায় ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও অত্যন্ত দ্রুত গতিতে চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পের কাজ সরকার পরিবর্তনের পরেও থমকে থাকেনি। বরং বর্তমান সরকার কাজটিকে আরও দ্রুততর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে আশাপ্রকাশ করে জানিয়েছেন, কেবল সড়ক যোগাযোগ নয়, এই রুটে রেললাইন বসানোর সম্ভাবনা নিয়েও রাজ্য সরকার গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করছে। এই সেতু নির্মাণ সম্পন্ন হলে গঙ্গাসাগর যাত্রীদের যাতায়াত ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে।