একাদশ শ্রেণির ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার গাইঘাটায়

বিচিত্রা অনুষ্ঠান দেখতে বেরিয়ে নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রী, সকালে প্রতিবেশীর বাড়ির পিছন থেকে উদ্ধার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। বিচিত্রা অনুষ্ঠান দেখতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় একাদশ শ্রেণির এক ছাত্রী। রবিবার প্রতিবেশীর বাড়ির পিছন থেকে উদ্ধার হল তার ক্ষতবিক্ষত দেহ।উত্তর ২৪ পরগনার গাইঘাটার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

সত্যজিত চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশের বাজারে আয়োজিত বিচিত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল ওই ছাত্রী। পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন আসার পর অনুষ্ঠান ছেড়ে চলে যায় সে। তারপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সারারাত খোঁজাখুঁজির পর সকালে এক প্রতিবেশীর বাড়ির পিছনে তার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ওই ছাত্রীর এক আত্মীয়কে আটক করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল এবং মৃত্যুর নেপথ্যে কী রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, মাকে কটু কথা বলায় ওই ছাত্রীর উপরে রাগ তৈরি হয়েছিল অভিযুক্তের সেই কারণেই এমন নৃশংস খুন।