ভারত-সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও মজবুত করার বার্তা দিলেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিন। সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসে তিনি বলেন, তাঁর এই সফর দুই দেশের ‘ঘনিষ্ঠ, বিস্তৃত এবং দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব’কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ‘সোপান’ হয়ে উঠবে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সোমবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে পারমেলিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুইস প্রেসিডেন্ট বলেন, ভারত ও সুইজারল্যান্ডের সম্পর্কের ভিত্তি হল অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও সম্মান। তাঁর কথায়, “এই সফর দুই দেশের সম্পর্কের গুরুত্ব আরও এক বার তুলে ধরার চমৎকার সুযোগ।”
পারমেলিনের ভারত সফরের অন্যতম তাৎপর্য হল ভারত-ইএফটিএ (ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা) বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা টেপা (TEPA)-র প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের ১০ মার্চ স্বাক্ষরিত এই চুক্তি কার্যকর হয় ২০২৫ সালের ১ অক্টোবর। ইএফটিএ-র সদস্য সুইজারল্যান্ড, আইসল্যান্ড, লিশটেনস্টাইন এবং নরওয়ে। আগামী ৭ অক্টোবর দ্বিতীয় ভারত-ইএফটিএ প্রস্পেরিটি সামিটেও যোগ দেবেন পারমেলিন।

তিন দিনের সফরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, কর্মসংস্থানের জন্য যাতায়াত, সংস্কৃতি-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ও দুই রাষ্ট্রনেতার আলোচনায় উঠে আসবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন পারমেলিন। রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তাঁর সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন রয়েছে।
বিদেশ মন্ত্রকের বক্তব্য, ইএফটিএ-র দেশগুলির মধ্যে সুইজারল্যান্ডই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। চলতি বছরে এটি পারমেলিনের দ্বিতীয় ভারত সফর। ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে এসেছিলেন তিনি। ফলে এ বারের সফরকে দুই দেশের সম্পর্ককে নতুন ক্ষেত্রে আরও প্রসারিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখছে নয়াদিল্লি।