আমিও সাংবাদিক বৈঠক করে ফেললাম, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারলেন না, কটাক্ষ ইউটিউবার ধ্রুব রাঠির।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রথমবার সাংবাদিক বৈঠক করেছেন ধ্রুব। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে মোদীকে নিশানা করেছেন তিনি। ধ্রুবের দাবি, গত ১২ বছরে প্রধানমন্ত্রী একটিও সাংবাদিক বৈঠক করেননি। তাঁর কথায়, জনপ্রতিনিধি থেকে শুরু করে জনজীবনে থাকা প্রত্যেক ব্যক্তিরই সাধারণ মানুষের কাছে জবাবদিহি করা উচিত। আর সেই জবাবদিহির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সাংবাদিক বৈঠক।
সাংবাদিক বৈঠকের ভিডিয়োয় ধ্রুব রাঠিকে বলতে শোনা যায়, “এটা আমার প্রথম সাংবাদিক বৈঠক। প্রশ্ন করার আগে দেশের বর্তমান পরিস্থিতির দিকে এক বার তাকান। হরিয়ানার একটি ছোট গ্রামের থেকে উঠে আসা একজন সাধারণ ইউটিউবার সাংবাদিক বৈঠক করছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী ১২ বছরেও একবারও সাংবাদিক বৈঠক করতে পারেননি।” এর পরেই তাঁর মন্তব্য, “আমার মনে হয়, জনজীবনে থাকা প্রত্যেক ব্যক্তিরই মানুষের কাছে জবাবদিহি করা উচিত। সেই কারণেই সাংবাদিক বৈঠক গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই আজ আমি আপনাদের সামনে এসেছি।”
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করে রাঠি ক্যাপশনে লিখেছেন, ‘প্রেস কনফারেন্স। ধ্রুব রাঠি: ১, নরেন্দ্র মোদী: ০।’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক করা বা না করা নিয়ে বিরোধীদের দীর্ঘদিনের সমালোচনার মধ্যেই ধ্রুব রাঠির এই পোস্ট বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
তবে এই ভিডিয়ো পোস্টের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাও। শনিবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই গুরুগ্রাম পুলিশের হাতে আটক হন ধ্রুব। ভোটার তালিকায় কথিত অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে।
ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন বিরোধীদের একাংশ সরব, তখনই ধ্রুব রাঠির আটক হওয়া এবং তার পর প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক নিয়ে তাঁর কটাক্ষ—দু’টি ঘটনাই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।