দেশের বাইরে থাকলেও ভারতীয় ঐতিহ্যে ছেদ পড়েনি। আমেরিকায় স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরিকে নিয়ে করওয়া চৌথ পালন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সমাজমাধ্যমে উৎসবের একাধিক মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। কখনও হাতে মেহন্দি, কখনও স্বামী-কন্যার সঙ্গে আদুরে ছবি—প্রিয়াঙ্কার পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস।

নিজের হাতে মেহন্দির নকশার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করেছেন অভিনেত্রী। তাতে রয়েছে নিকের নামের আদ্যক্ষর ‘এনজে’ এবং মেয়ে মালতীর নামের আদ্যক্ষর ‘এমএম’। ছবির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, “পিয়ার নামে কি…”। পাশাপাশি করওয়া চৌথ পালনকারীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
অন্য একটি ছবিতে নিককে দেখা গিয়েছে মেয়ে মালতীর সঙ্গে। সেই ছবি ভাগ করে প্রিয়াঙ্কা লিখেছেন, “বাবা বাড়ি ফিরেছে! এক ফ্রেমে আমার গোটা পৃথিবী।” ছবিতে ধরা পড়েছে পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ।

উৎসবের জন্য লাল ও সোনালি কাজের ভারতীয় পোশাক বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সিঁথিতে সিঁদুর, গয়না ও হালকা সাজে সাবেকি রূপে ধরা দেন তিনি। চাঁদের অপেক্ষায় থাকার মুহূর্তও ভাগ করে নিয়ে মজার ছলে লেখেন, “এই চাঁদ কখন উঠবে?”
পরে নিকের সঙ্গে আচার পালনের ছবিও পোস্ট করেন অভিনেত্রী। হাতে পুজোর থালা ও চালুনি নিয়ে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। লেখেন, “প্রতি বছরই আমি একটু বেশি সিনেম্যাটিক!”
করওয়া চৌথে স্বামীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় উপবাস রাখেন বহু বিবাহিত মহিলা। প্রিয়াঙ্কার এই পারিবারিক উদ্যাপনের ঝলক বুঝিয়ে দিল, বিদেশে থাকলেও ভারতীয় উৎসবের আবেগ তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ।