পাঁচ কোটির গণ্ডি পেরোল ‘নমো ভারত’

যাত্রীসংখ্যায় ফের নজির গড়ল ‘নমো ভারত’। দিল্লি-গাজিয়াবাদ-মীরঠকে জোড়া এই রিজিয়নাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস)-এ মোট যাত্রীর সংখ্যা পাঁচ কোটি পেরিয়ে গেল। বুধবার, ১০ নভেম্বর পাঁচ কোটির মাইলফলক ছুঁয়েছে এই করিডর। উল্লেখযোগ্য বিষয়, শেষ এক কোটি যাত্রা সম্পূর্ণ করতে সময় লেগেছে মাত্র ৯৩ দিন। অর্থাৎ ক্রমেই বাড়ছে ‘নমো ভারত’-এর জনপ্রিয়তা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরেই এই করিডরে তিন কোটির বেশি যাত্রী যাতায়াত করেছেন। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর—পর পর তিন মাসেই যাত্রীর সংখ্যা ৩২ লক্ষের বেশি। অগাস্টে ৩৫.২৫ লক্ষ যাত্রী ‘নমো ভারত’-এ সফর করেন। দৈনিক গড় যাত্রী ছিল ১ লক্ষ ১৩ হাজার ৭০৮। ওই মাসেই ২৮ আগস্ট এক দিনে সর্বোচ্চ ১ লক্ষ ৬৮ হাজার ৬৬৬ জন যাতায়াত করেন।

সেপ্টেম্বরে যাত্রীসংখ্যা ছিল ৩২.৪১ লক্ষ। দৈনিক গড় ১ লক্ষ ৮ হাজার ৪৩। অক্টোবরে ৩৩.৪৯ লক্ষ যাত্রী সফর করেন। দৈনিক গড় দাঁড়ায় ১ লক্ষ ৮ হাজার ৪৯।

২০২৩ সালের ২১ অক্টোবর সাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত ১৭ কিলোমিটার অংশ দিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘নমো ভারত’-এর। প্রথম এক কোটি যাত্রীর মাইলফলক পেতে সময় লেগেছিল ৫৭৪ দিন। ২০২৫ সালের ১৬ মে এক কোটি ছোঁয়ার পর ১১ ডিসেম্বর দুই কোটি। ২০২৬ সালের ২ মে তিন কোটি এবং ১০ আগস্ট চার কোটি। সেখান থেকে মাত্র ৯৩ দিনে পাঁচ কোটি।

এদিকে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি মেরঠ মেট্রো-সহ পুরো দিল্লি-মেরঠ করিডরের পরিষেবা চালু হয়। দিল্লি মেট্রো, ভারতীয় রেল, আন্তঃরাজ্য বাস টার্মিনাল ও শহরের বাস পরিষেবার সঙ্গেও এই ব্যবস্থা যুক্ত।

যাত্রী পরিষেবা ও পরিচালন দক্ষতার স্বীকৃতিও মিলেছে। ‘আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স অ্যান্ড এক্সপো ২০২৬’-এ দিল্লি-মেরঠ ‘নমো ভারত’ করিডরকে ‘বেস্ট প্যাসেঞ্জার সার্ভিসেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন’ পুরস্কার দেওয়া হয়েছে। ফলে পাঁচ কোটির মাইলফলক শুধু যাত্রী বৃদ্ধির হিসাব নয়, দেশের আঞ্চলিক দ্রুতগামী গণপরিবহণ ব্যবস্থায় ‘নমো ভারত’-এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারও ইঙ্গিত।