নদীয়া কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ‘স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ২০২৬’ এবং ‘নমো সেবা গাথা’ কর্মসূচির সূচনা হলো। আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের নগরোন্নয়ন ও পুরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বিশ্বজিত দেবনাথ, নিজস্ব সংবাদদাতা
কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এই স্বচ্ছতা অভিযানের সূচনা করে তিনি জোর দিয়ে বলেন, পরিচ্ছন্নতা কেবল একদিনের ছবি তোলার বা অনুষ্ঠানের বিষয় নয়; এটি প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অভ্যাস এবং মানসিকতার অঙ্গ হওয়া প্রয়োজন। সমাজ, পরিবেশ ও বাড়ি সর্বত্রই স্বচ্ছতা বজায় রাখা জরুরি। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জগন্নাথ সরকার, বিধায়ক অনুপম বিশ্বাস, সমাজসেবী বিধান কর এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আগামী ১০ অক্টোবর মহালয়ার আগেই রাজ্যের সমস্ত রাস্তা চলাচলের উপযুক্ত ও সংস্কার করতে হবে।তিনি জানান, রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের আওতাধীন প্রায় ৩,৮০০-র বেশি রাস্তা সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে পৌরসভা ও পুরসভাগুলিতে প্রায় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বা দেওয়ার প্রক্রিয়া চলছে।