বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। সেবকের করোনেশন ব্রিজের কাছে বিরাট এক পাথর পড়েই বিপত্তি ঘটেছে এই রাস্তায়। এই বিপত্তির জেরে ওই রাস্তায় যান চলাচন বন্ধ। তাই পর্যটকদের ঘুরপথে যেতে হচ্ছে দার্জিলিং থেকে সিকিম।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- ফের একবার পাথর পড়ে বিপত্তি। আর এই বিপত্তি ঘটেছে উত্তরবঙ্গের ১০ নম্বর জাতীয় সড়কে। চলতি বছর বৃষ্টির বিরাম নেই। দক্ষিণ থেকে উত্তর হয়েই চলেছে বৃষ্টি। বৃষ্টির জেরে ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলি। শুক্রবার রাত থেকে পাহাড়ে ফের লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। তার ফলে পাথর ধসে রাস্তায় পড়ে বলেই মনে করা হচ্ছে। আর এই ধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক।তবে এই ধসে হতাহতের কোনও খবর নেই। প্রসঙ্গত, এই প্রথম নয়, চলতি মরশুমে ধসের জেরে একাধিকবার জাতীয় সড়ক বন্ধ হয়ে বিপত্তি ঘটেছে।

চলতি বছর বিরাম নেই বৃষ্টির। শুরু থেকেই ফুল ফর্মে বর্ষা। অতিরিক্ত বৃষ্টির জেরে দক্ষিণ থেকে উত্তর নদীগুলি ফুঁসছে। বন্যা কবলিত রাজ্যে বেশ কয়েকটি জেলা। শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। এক নাগাড়ে হয়ে চলা বৃষ্টিতে জলস্তর বাড়ছে তিস্তা, করলা, জলঢাকা নদীর। তিস্তা নদীর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচদপ্তর। পাশাপাশি তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে সবসময় সতর্ক করা হচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের।

শুক্রবার থেকে হয়ে চলা বৃষ্টিতে নতুন করে বিপত্তি হল যানচলাচলে। ধসে রাস্তায় পাথর পড়ে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। এই ১০ নম্বর জাতীয় সড়ক হল শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছনোর অন্যতম প্রধান রাস্তা। এই রাস্তা বন্ধ হওয়ার ফলে বিপদে পড়েছেন পর্যটকরা। রাস্তা বন্ধ থাকায় পর্যাটকদের দার্জিলিং থেকে সিকিম ঘুরপথে যেতে হচ্ছে । কালিম্পং জেলা প্রশাসনের তরফে, লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই রাস্তা খানিকটা ঘুরপথ। ঘুরপথে সিকিম যেতে হওয়ায় স্বাভাবিকভাবেই পর্যটক ও গাড়িচালকরা সমস্যায় পড়েছেন। দ্রুত এই বন্ধ সড়ক খোলার কাজ শুরু করেছে ওখানকার প্রশাসন।