ইস্তাহারে প্রতিশ্রুতির বন্যা এনডিএর। ইস্তাহারে মহিলা, বেকার, যুব সমাজ, কৃষকদের উপর বেশি জোর দেওয়া হয়েছে।
মাম্পি রায়, সাংবাদিক: ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ। জোর কদমে চলছে ভোটপ্রচার। এনডিএ থেকে শুরু করে মহাজোট, পিছিয়ে নেই কেউই। মহাগঠবন্ধন ইতিমধ্যে ইস্তাহার প্রকাশ করে দিয়েছে। এদিকে পাটনার মৌর্য হোটেলে ইস্তাহার প্রকাশ করেছে এনডিএ। অনুষ্ঠানে ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী ও হ্যামস নেতা জিতেন রাম মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী ও এলজেপি সভাপতি চিরাগ পাসওয়ান, আরএলএসের জাতীয় সভাপতি উপেন্দ্র কুশওয়াহা সহ শীর্ষস্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ম্যানিফেস্টো বা ইস্তাহারে মহিলা, বেকার, যুব সমাজ, কৃষকদের উপর বেশি জোর দেওয়া হয়েছে।

এনডিএর সংকল্পপত্রে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে-
মহিলাদের সশক্তিকরণ, কৃষির বিকাশে বিশেষ জোর দেওয়া হয়েছে। বিহারকে গ্লোবাল স্কিলিং সেন্টার হিসেবে তুলে ধরার সংকল্প নিয়েছে বিজেপি। ইস্তাহারে দলিত সমাজ, মহিলা এবং যুবসমাজের উপর জোর দেওয়া হয়েছে।
এনডিএর সংকল্প পত্রে ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্ট-
১. প্রত্যেক জেলায় কারখানা, ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করা হবে
২. ১ কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি
৩. দারভাঙা ও পুর্ণিয়াতে আন্তর্জাতিক বিমানবন্দর বানানো হবে
৪. বিহারের ৪ নতুন রাজ্যে মেট্রো পরিষেবা চালুর প্রতিশ্রুতি
৫. এডুকেশন সিটি নির্মাণের প্রতিশ্রুতি
৬. গরিব পরিবারের শিশু ও পড়ুয়াদের কেজি থেকে পিজি বিনামূল্যে শিক্ষাদান করা হবে।
এনডিএ-র ইস্তাহারে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের নামে- কর্পূরী ঠাকুর কিসান সম্মান নিধির আওতায় ৬ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এদিকে মহাজোটও তাদের যৌথ ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহারের নাম “তেজস্বী প্রাণ পত্র”। যেখানে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের নেতৃত্বে আগামী পাঁচ বছরের উন্নয়নের রূপরেখা দেওয়া হয়েছে। যুব, মহিলা, কৃষক এবং দরিদ্রদের জন্য বেশ কয়েকটি বিপ্লবী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই সংকল্পপত্রে।

বিহারের মহাজোটের ইস্তাহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা হল-
১. প্রতিটি পরিবারে একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।
২. গ্যাস সিলিন্ডার দেওয়া হবে মাত্র ৫০০ টাকায়।
৩. বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে।
৪. বিনামূল্যে ২৫ লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হবে।
৫. বয়স্কদের জন্য ১৫০০ টাকার পেনশনের প্রতিশ্রুতি।
৬. প্রতিবন্ধীদের জন্য ৩,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
৭. মহিলাদেরকে মাসে ২৫০০ টাকা দেওয়া হবে
৮. মহিলাদের বিনামূল্যে বাস পরিসেবা প্রদানের প্রতিশ্রুতি
৯. জীবিকা দিদি প্রকল্পের আওতায় ৩০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে
১০. সাহারায় আটকে থাকা টাকা মুক্ত করবে এসআইটি
১১. সাংবাদিকদের জন্য হস্টেল, থাকার ব্যবস্থা এবং বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট।
১২. আইনজীবীদের জন্য ১০লক্ষ টাকার জীবন বিমা এবং ১৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হবে।
সবমিলিয়ে একদিকে এনডিএ এবং আরেকদিকে মহাজোট। মহিলা ভোটকে বেশ গুরুত্ব দিচ্ছে, তা ইস্তেহারেই স্পষ্ট। এছাড়া কৃষক, বেকারদের জন্যও প্রকল্প সাজিয়েছে দুই যুযুধান পক্ষ। এবার কে ভোটারদের মনে সবচেয়ে বেশি দাগ কাটতে পেরেছে, তা স্পষ্ট হবে ১৪ নভেম্বর।