দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা অব্যাহত। রাতভর আটক থাকার পর শনিবার সকালে মুক্তি পেলেন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। দিল্লির আর কে পুরম থানার পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তবে এখনও মুক্তি পাননি ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লি পুলিশের দাবি, তাঁকে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আটক করা হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং পুলিশের হাতে আটক সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মুক্তির দাবিতে শুক্রবার বিকেল ৫টায় দিল্লিতে ‘তিরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন দীপকে। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই তাঁর বাড়ির সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার আটক করা হল সিজেপি প্রধানকে। পরে মান্ডি হাউসের কাছ থেকে আটক করা হয় আইসা নেত্রী নেহা বোরাকেও।
শুক্রবার রাতে নেহার দলের তরফে অভিযোগ করা হয়, তাঁকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে পুলিশ। নেহার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে প্রশ্ন তোলা হয়, তিনি কোথায় রয়েছেন, তা দিল্লি পুলিশকে জানাতে হবে। তাঁর সঙ্গীদের দাবি, নেহার কাছে কোনও ফোনও ছিল না। একই ভাবে দীপকের দলের তরফেও অভিযোগ করা হয়, তাঁকে কোথায় রাখা হয়েছে, তা জানা যাচ্ছে না।
শুক্রবার দীপকের বাড়িতে হানা দিয়ে প্রথমে তাঁকে ‘তিরঙ্গা ওড়াও’ কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য নোটিস ধরায় পুলিশ। পরে তাঁকে আটক করা হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, হলুদ সোফায় বসে রয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা, কাঁধে জাতীয় পতাকা।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ এবং আটক নেতাদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। শনিবার সকালে নেহা মুক্তি পেলেও দীপকের আটক থাকা নিয়ে জল্পনা অব্যাহত। পুলিশ জানিয়েছে, সিজেপি প্রধানকে আপাতত সতর্কতামূলক আটকেই রাখা হয়েছে। তবে তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে দলের তরফে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।