নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম সরকারি ভারত সফরে দুই দেশের মধ্যে জলবিদ্যুৎ প্রকল্প, সীমান্তপারের যোগাযোগ ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘এমিনেন্ট পার্সনস গ্রুপ’ (EPG)-এর রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে। রবিবার এমনটাই জানিয়েছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজন ভট্টরাই।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
তাঁর আশা, এই সফরের মাধ্যমে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা সমস্যাগুলি সমাধানের পথও খুলবে। ২২ ও ২৩ নভেম্বর শাহের ভারত সফরের আগে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভট্টরাই বলেন, দুই দেশের মধ্যে আগে যে প্রকল্পগুলির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল, সেগুলি দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিদ্যুৎ এবং পরিকাঠামো উন্নয়নের মতো নতুন ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। ভট্টরাইয়ের কথায়, বর্তমানে বিশ্বের বহু দেশ জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা করছে। ভারত ও নেপালও এই ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করে উন্নতি করতে পারে।
দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, সড়ক ও বিমান যোগাযোগের পাশাপাশি নতুন পেট্রোলিয়াম পাইপলাইন এবং গ্যাস পাইপলাইন তৈরির বিষয়েও আলোচনা হতে পারে। যদিও দুই দেশের সরকার এখনও আলোচনার নির্দিষ্ট বিষয়গুলি আনুষ্ঠানিকভাবে জানায়নি। এছাড়া নেপালের তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ায় এই খেলার পরিকাঠামো উন্নয়নেও ভারতের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ভট্টরাই।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, হিমালয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য ক্রমশ নষ্ট হচ্ছে। এর প্রভাব শুধু নেপাল বা ভারতেই সীমাবদ্ধ থাকবে না, গোটা দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও পড়তে পারে। তাই এই সমস্যা মোকাবিলায় দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং আন্তর্জাতিক মঞ্চেও বিষয়টি তুলে ধরতে হবে। ২০২২ সালের মেলামচি বন্যা এবং পরবর্তীকালে ভুটেকোশি, গণ্ডকী ও কালী গণ্ডকী নদীতে ঘটে যাওয়া বিপর্যয়ের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভারত ও নেপালের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ভট্টরাই।জলবিদ্যুৎ সহযোগিতার বিষয়টি নিয়েও মুখ খুলেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাঁর মতে, নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভারতকে আরও বেশি পরিমাণে বিদ্যুৎ রফতানি করতে পারলে নেপালের বাণিজ্য ঘাটতি অনেকটাই কমানো সম্ভব। তবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে নিয়ে ভারতের কিছু বিধিনিষেধের কারণে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ভট্টরাইয়ের দাবি, কোন সংস্থা বিদ্যুৎ উৎপাদন করছে এবং কোন নির্মাণ সংস্থা প্রকল্পের সঙ্গে যুক্ত, তা নিয়ে ভারতের বাছবিচার নেপালে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে জলবিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগকারীরাও সমস্যায় পড়ছেন। এই বিষয়ে ভারতের ইতিবাচক পদক্ষেপ চান তিনি।
নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাবিত চুক্তি নিয়েও হতাশা প্রকাশ করেছেন ভট্টরাই। তাঁর বক্তব্য, বাংলাদেশ নেপাল থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ কিনতে আগ্রহী। কিন্তু নেপালের সঙ্গে বাংলাদেশের সরাসরি স্থলসীমান্ত নেই। ফলে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে হবে। এই উদ্দেশ্যে তিন দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছিল। কিন্তু এখনও প্রত্যাশামতো সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।দীর্ঘদিন ধরে আটকে থাকা EPG রিপোর্টের বিষয়টিও শাহের ভারত সফরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারত ও নেপালের সম্পর্ক পর্যালোচনা করে ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর জন্য এই বিশেষ গোষ্ঠী তৈরি করা হয়েছিল। ভট্টরাই জানান, দুই দেশের প্রতিনিধিদের সম্মতিতেই রিপোর্টটি তৈরি হয়েছিল। কিন্তু প্রায় আট বছর কেটে গেলেও তা এখনও ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি।
তিনি জানান, ২০১৮ সালে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নেপালের তৎকালীন বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি এবং ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।ওই রিপোর্টে সীমান্ত পরিচালনা, দুই দেশের মধ্যে বিতর্কিত এলাকা এবং খোলা সীমান্ত সংক্রান্ত একাধিক সুপারিশ রয়েছে। পাশাপাশি বর্ষার সময় নেপালের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় বারবার বন্যা হওয়ার বিষয়টিও তুলে ধরেছেন ভট্টরাই। তাঁর অভিযোগ, সীমান্ত এলাকায় ভারতের কিছু নির্মাণকাজের কারণে এই সমস্যা আরও বাড়ছে।
তবে একবারের সফরেই সব সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাঁর মতে, অন্তত এই সফরের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলি নিয়ে ভবিষ্যতে আলোচনা এবং সমাধানের বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া উচিত। এদিকে, নেপালের জনকপুর থেকে ভারতের অযোধ্যা পর্যন্ত প্রস্তাবিত রেল পরিষেবা চালুর বিষয়েও আশাবাদী ভট্টরাই। তাঁর মতে, দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের কথা মাথায় রাখলে এই রেল যোগাযোগ ঐতিহাসিক গুরুত্ব বহন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেপালের জনকপুর সফরের সময় এই বিষয়ে আলোচনা হয়েছিল। সেই সময় নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কে পি শর্মা ওলি। এবার এই রেল পরিষেবা চালুর জন্য দুই দেশ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। ২৩ নভেম্বর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ভট্টরাইয়ের কথায়, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে আটকে থাকা চুক্তিগুলি কার্যকর করা এবং অমীমাংসিত সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পাওয়া গেলে তা নেপালের কাছে ইতিবাচক বার্তা দেবে।