অমিত শাহ : বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই এক বাঙালি কর্মী।

মাম্পি রায়, সাংবাদিক : ‘বহিরাগত’ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah). শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই এক বাঙালি কর্মী। যিনি বাংলাতেই জন্মেছেন এবং বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন এবং বাংলায় বড় হয়েছেন। এই মন্তব্যে সরাসরি কটাক্ষ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘বহিরাগত’ তত্ত্বে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “দিদি বলছেন বিজেপি এলে বাইরের লোক রাজত্ব করবে। আমি তাঁকে বলতে চাই, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলার মাটির সন্তান, যিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বাংলায় সাবলীলভাবে কথা বলতে পারেন।” একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম (Abhishek Banerjee) না করে শাহ তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “ দিদিকে বলতে চাই আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, ভারতীয় জনতা পার্টির কর্মী হবেন। ”
নারী নিরাপত্তা প্রসঙ্গেও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শাহ। আরজি করকাণ্ডে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন যে ‘সন্ধ্যার পর ওই মহিলাদের বাইরে কী করছিলেন’ মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “যে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কথা বলেন, তাঁর শাসন করার অধিকার নেই।” বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর দাবি, “রাত একটা হলেও কোনও তরুণী স্কুটার নিয়ে বেরোতে পারবেন, কেউ কু-নজরে তাকানোর সাহস পাবে না।”
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। ‘ভাতিজা ট্যাক্স’ ও ‘সিন্ডিকেট রাজ’-এর অভিযোগ এনে তিনি বলেন, বিজেপি সরকার গড়লে ব্যবসায়ীদের আর এই ধরনের চাপে পড়তে হবে না। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে জানান, একটি ‘হোয়াইট পেপার’ প্রকাশ করে সমস্ত অভিযোগের তদন্ত করা হবে, এমনকি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্তের কথাও বলেন তিনি।
নির্বাচনী কৌশল হিসেবে নির্যাতিতদের প্রার্থী করা হয়েছে বলেও জানান শাহ। তাঁর কথায়, আরজি কর ও সন্দেশখালির ঘটনার শিকার যারা হয়েছেন, তাঁদের প্রতিনিধিত্ব করতে বিধানসভায় পৌঁছবেন তাঁরা।
প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেও দাবি করেন শাহ। পূর্ববর্তী নির্বাচনের তুলনায় এ বার সহিংসতা অনেক কমেছে বলে উল্লেখ করে জানান, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৯১ শতাংশ ভোট পড়েছে।
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ফল ঘোষণা ৪ মে। তার আগে ‘অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ’-এ বিজেপির শাসন প্রতিষ্ঠার বার্তা দিয়ে ভোটারদের উদ্দেশে সমর্থন চাইলেন অমিত শাহ।