বাংলায় অপরাধীদের রেয়াত নয়! রতনের এনকাউন্টারে হুঙ্কার শুভেন্দুর

শান্তিনিকেতনে কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রতন শেখের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল রাজ্যে। রবিবার তাঁর গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থানের কথা জানান। তাঁর স্পষ্ট বক্তব্য, পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে তার পাল্টা জবাবও দিতে পারে পুলিশ। তাঁর কথায়, পুলিশ কি গুলি খেয়ে চুপ করে থাকবে? একই সঙ্গে ধর্ষণ ও খুনের মতো অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তাও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, পুলিশকে প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঘটনাস্থলেই উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে পুলিশের হাতে।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় রতন শেখ নামে এক দুষ্কৃতীর উপস্থিতির খবর পান তদন্তকারীরা। সেই খবরের ভিত্তিতে তাকে ধরতে সাদা পোশাকে বাইকে চেপে ঘটনাস্থলে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। তাঁদের মধ্যে ছিলেন প্রান্তিক আউটপোস্টের কর্মীরাও। রতনকে কাছ থেকে ধরার চেষ্টা করতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। সেই সময় আগ্নেয়াস্ত্র বের করে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় রতন। গুলিবিদ্ধ হন ওই পুলিশকর্মী। তাঁর পায়ে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই তিনি আশ্বাস দিয়েছিলেন, পুলিশকর্মীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁর এই মন্তব্যের পর থেকেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের অপেক্ষায় ছিল প্রশাসনিক মহল।

শুক্রবারের ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার দুপুরে পুলিশের জালে ধরা পড়ে রতন শেখ। তবে গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাঁটার সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, বাংলার মাটিতে ধর্ষক ও খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উপযুক্ত জবাব দেবে। অপরাধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, বাংলাদেশে পালিয়ে যাওয়াই ভালো, নইলে বাংলার মাটিতে থেকে অপরাধ করলে কঠোর পদক্ষেপের মুখে পড়তে হবে। উল্লেখ্য, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, অপরাধ করে কেউ পার পাবে না। এবার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে সেই অবস্থানেই বারবার জোর দিয়েছেন তিনি। রতন শেখের মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে রাজ্যের এনকাউন্টার প্রসঙ্গ। দাবি করা হচ্ছে, পালাবদলের পর এই নিয়ে রাজ্যে মোট পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে।