রাজ্যে সরকারি চাকরির আবেদন করতে আর দিতে হবে না কোনও ফি। চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে আবেদন ফি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, চাকরির সুযোগ দেওয়ার নামে আবেদনকারীদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক নয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর কোনও খরচ করতে হবে না চাকরিপ্রার্থীদের। স্বাভাবিকভাবেই এই ঘোষণাকে ঘিরে আশার আলো দেখছেন বহু চাকরিপ্রার্থী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আবেদন ফি তুলে নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যে নতুন করে কর্মী নিয়োগের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সরকারি চাকরির আবেদন করতে গিয়ে আর্থিক চাপের মুখে পড়তে হবে না বেকার যুবক-যুবতীদের। আগে কলেজ সার্ভিস কমিশনে সাধারণ প্রার্থীদের আবেদন ফি তুলনামূলক বেশি ছিল। অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় আবেদন করতে দিতে হত ৫০০ টাকা। এবার থেকে এই খরচ আর চাকরিপ্রার্থীদের বহন করতে হবে না। আবেদন সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার নেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, চাকরির সুযোগ দেওয়ার নামে বেকারদের কাছ থেকে টাকা নেওয়া অনুচিত।
এদিনের মন্ত্রিসভার বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট ১০ হাজার ১৪৭টি পদে নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি। স্বাস্থ্য দপ্তর-সহ একাধিক ক্ষেত্রে কর্মী নেওয়া হবে। পাশাপাশি কিছু পদে চুক্তির ভিত্তিতেও নিয়োগের পরিকল্পনা রয়েছে। আগামী দিনে মোট ১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।