“কোনও বুলডোজার আমার কণ্ঠরোধ করতে পারবে না!”

কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার চালাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরকর্মীরা তাঁর বাড়ির সামনের ফুটপাথে তৈরি বাঁশের অস্থায়ী কাঠামো সরিয়ে দেন। পুরসভার দাবি, ফুটপাথ দখল করে ওই কাঠামো তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। অভিযান ঘিরে অবশ্য এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

পুরসভার এই পদক্ষেপের পরেই ক্ষোভে ফেটে পড়েন অভিষেক। সমাজমাধ্যমে তাঁর বার্তা, ‘‘যত খুশি বুলডোজার আনা হোক, আমার কণ্ঠরোধ করা যাবে না, আমার লড়াইয়ের সংকল্পও ভাঙা যাবে না।’’ তাঁর আরও দাবি, ‘বাংলাবিরোধী’ শক্তির বিরুদ্ধে লড়াই থেকে তিনি একচুলও সরবেন না।

ঘটনার সূত্রপাত অবশ্য আরও কয়েক দিন আগে। অভিষেকের ৩৯তম জন্মদিনকে কেন্দ্র করে কালীঘাটের বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি এবং পাথর ছোড়াছুড়ি হয়। অভিষেক অভিযোগ করেছিলেন, তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছে এবং কাছের একটি তৃণমূল কার্যালয়ে হামলা চালানো হয়েছে।

এর পরেই নিরাপত্তা নিয়ে আরও গুরুতর অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, টানা দু’দিন ধরে তাঁর অফিস ও বাড়ির আশপাশে অচেনা ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁরা নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন, ‘‘নির্বাচিত এক সাংসদের বাড়ি ও অফিসে নজরদারির অনুমতি কে দিয়েছে?’’ পরে তাঁর দাবি, শনিবার রাত দুটো নাগাদ বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালান।

এই ঘটনায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছে ভাইপোর সঙ্গে প্রতিবাদে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের নেতা দিলীপ ঘোষের কটাক্ষ, ফুটপাথে জন্মদিন পালন করলে গোলমাল হবেই। তাঁর দাবি, অভিষেককে নিয়ে ‘বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা’ হচ্ছে।