আগামী ২০ বছরে কেন্দ্র-রাজ্যে সরকার বদলের সম্ভাবনা নেই : শমীক

আগামী দু’দশকে কেন্দ্র বা পশ্চিমবঙ্গে সরকার বদলের কোনও সম্ভাবনাই নেই— এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। মঙ্গলবার জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তিনি।

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা

মঙ্গলবার সকালে জলপাইগুড়িতে পৌঁছন শমীক। শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ রোডে বিজেপির জেলা কার্যালয় ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন’-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রাজ্য ও জাতীয় রাজনীতিতে বিরোধীদের তরফে সরকার পরিবর্তনের যে আবহ তৈরি করার চেষ্টা চলছে, তা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে।

জবাবে শমীকের সাফ কথা, আগামী কুড়ি বছরে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ— কোথাও সরকার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘‘আগেও বলেছি, আজ আবারও বলছি, আগামী কুড়ি বছরে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের কোনও সম্ভাবনাই নেই।’’

শমীকের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজ্যে সদ্য ক্ষমতার পালাবদলের পর বিজেপির শীর্ষ নেতৃত্বের আত্মবিশ্বাসের ছবিই তাঁর বক্তব্যে উঠে এসেছে বলে মনে করছে দলের একাংশ। অন্য দিকে, বিরোধীরা কী ভাবে এই মন্তব্যের পাল্টা জবাব দেয়, সে দিকেও নজর রাজনৈতিক মহলের।