চার বছর আগে গুজরাতের প্রতিনিধি হয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছিলেন কল্যাণ চৌবে। এ বার সেই পদে ফেরার লড়াইয়েই বড় ধাক্কা। আসন্ন বার্ষিক সাধারণ সভায় ফেডারেশনের অনুমোদিত কোনও রাজ্য বা সংস্থাই কল্যাণকে তাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয়নি। ফলে সভাপতি পদে তাঁর পুনর্নির্বাচনের পথ কার্যত কঠিন হয়ে গেল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। সেখানেই নতুন কমিটি গঠনের কথা। নির্বাচন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে সভায় অংশ নেওয়ার জন্য দু’জন করে প্রতিনিধির নাম জমা দিতে বলা হয়েছিল রাজ্য ও অনুমোদিত সংস্থাগুলিকে। সময়সীমা পেরিয়ে গেলেও কল্যাণের নাম কোনও সংস্থার তরফে জমা পড়েনি বলে ফেডারেশন সূত্রে খবর।
শোনা যাচ্ছে, শুক্রবার দিনভর একাধিক রাজ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিজের পক্ষে মনোনয়ন জোগাড়ের চেষ্টা করেছিলেন বিদায়ী সভাপতি। কিন্তু শেষ পর্যন্ত কোনও রাজ্যই তাঁকে প্রতিনিধি করতে রাজি হয়নি। ২০২২ সালে গুজরাতের প্রতিনিধি হিসেবেই বার্ষিক সভায় যোগ দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কল্যাণ। চার বছর পর পরিস্থিতি সম্পূর্ণ উল্টো।
তবে সভাপতি পদে লড়ার রাস্তা একেবারে বন্ধ হয়নি। ফেডারেশনের সংবিধান অনুযায়ী, প্রাক্তন সভাপতি হিসেবে তিনি কোনও রাজ্যের প্রতিনিধি না হলেও ফের নির্বাচনে দাঁড়াতে পারেন। তবে তাঁর নাম প্রস্তাব করতে হবে একটি অনুমোদিত সংস্থাকে এবং অন্য একটি সংস্থাকে সেই প্রস্তাব সমর্থন করতে হবে। এখন সেই সমর্থনই জোগাড় করতে হবে কল্যাণকে।
এর মধ্যেই ফেডারেশনের আর্থিক পরিস্থিতি নিয়ে বিতর্কে পড়েছেন তিনি। ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে ম্যাচ আয়োজনের বিপুল খরচের একটা অংশ এখনও বকেয়া বলে অভিযোগ। সেই টাকা মেটাতে ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু তাতে সদস্যদের সম্মতি মেলেনি।
ম্যাচ আয়োজনের খরচ, বকেয়া এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন কমিটি এলে সেই হিসাব খতিয়ে দেখা হতে পারে বলে ফেডারেশন মহলে জল্পনা। ফলে সভাপতি পদে ফেরার মরিয়া চেষ্টা করলেও কল্যাণের সামনে এখন একাধিক কঠিন প্রশ্ন।