মোদীকে প্রশ্নের মাসুল দিলেন নরওয়ের সাংবাদিক?

একটা প্রশ্ন। আর সেই প্রশ্নের জেরেই কি এবার ভারতে প্রবেশের পথ বন্ধ হয়ে গেল এক বিদেশি সাংবাদিকের সামনে? নরওয়ের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিলেন তিনি। জানতে চেয়েছিলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী কেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে চান না? আর এবার সেই সাংবাদিকই অভিযোগ করলেন, ভারতে আসার বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে আটকে দেওয়া হল। শেষ মুহূর্তে ফোন করে জানিয়ে দেওয়া হল, ভারতে আসা যাবে না। অভিযোগের আঙুল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে। উঠছে উপরতলার নির্দেশে ভিসা বাতিলের অভিযোগ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ঘটনার সূত্রপাত নরওয়ের রাজধানী অসলোতে। দিনটা ছিল চলতি বছরের ১৮ মে। নরওয়ে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক। দুই দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য হাজির দেশ-বিদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

সেই সাংবাদিক বৈঠকেই প্রশ্ন করতে এগিয়ে আসেন নরওয়ের মহিলা সাংবাদিক হেলে লিং। মোদী যখন মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখনই তাঁর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি। জানতে চান, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে প্রধানমন্ত্রী কেন চান না? হেলে লিং সেই প্রশ্নের কোনও উত্তর না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী মোদী। আর তারপর থেকেই ভারতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে আসেন হেলে।

শুধু অসলোতেই থেমে থাকেননি এই সাংবাদিক। পরবর্তীকালে ভারতের গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি এবং মোদী সরকারের নীতি নিয়েও সমালোচনামূলক লেখা প্রকাশ করেছেন তিনি। এমনকী আদানি-আম্বানির মতো শিল্পপতিদের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন বলে তাঁর দাবি।

এবার তাঁর ভারত সফর ঘিরেই তৈরি হল নতুন বিতর্ক। কেন ভারতে আসছিলেন হেলে?হায়দরাবাদে আয়োজিত হচ্ছে ভারত সামিট। কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, চিন্তাবিদ এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সম্মেলনেই বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন হেলে লিং। দ্য ফিউচার অফ মিডিয়া অর্থাৎ সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। আলোচনা হওয়ার কথা সংবাদমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র এবং এই দুইয়ের পারস্পরিক সম্পর্ক নিয়ে।

হেলের দাবি, সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্র তিনি পেয়েছিলেন। ভারতীয় ভিসাও দেওয়া হয়েছিল তাঁকে। অর্থাৎ ভারতে আসার প্রস্তুতি কার্যত সম্পূর্ণ। কিন্তু বিমান ধরার ঠিক আগে ঘটে যায় নাটকীয় ঘটনা। শেষ মুহূর্তে ফোন। হেলে জানিয়েছেন, ১১ নভেম্বর বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে, প্রায় ১০ মিনিট আগে, নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাঁর কাছে ফোন আসে। তাঁকে জানানো হয়, তিনি আর ভারতে যেতে পারবেন না। তাঁর ভিসা বাতিল করা হয়েছে। পরবর্তীকালে দূতাবাসের তরফে ইমেল করেও ভিসা বাতিলের কথা জানানো হয় বলে দাবি করেছেন হেলে। এমনকী তাঁকে দূতাবাসে গিয়ে ভিসা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

কিন্তু কেন বাতিল হল ভিসা? কী এমন ঘটল, যার জন্য বিমান ধরার কয়েক মিনিট আগে একজন সাংবাদিককে জানিয়ে দেওয়া হল, ভারতে আসা যাবে না? হেলের অভিযোগ, এই সিদ্ধান্ত এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। তাঁর কথায়, উপরতলার নির্দেশেই নাকি বাতিল হয়েছে তাঁর ভিসা। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক ছাড়পত্র রয়েছে, ভিসা রয়েছে, হায়দরাবাদে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণও রয়েছে। তাহলে কেন তাঁকে ভারতে আসতে দেওয়া হচ্ছে না?

হেলে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন, মে মাসে অসলোতে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করার কারণেই কি তাঁকে ভারতে আসতে বাধা দেওয়া হল? তাঁর আশঙ্কা, মোদী সরকারের সমালোচনা করে সংবাদপত্রে লেখা, সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ, আদানি-আম্বানিকে নিয়ে প্রশ্ন তোলা, এমনকী ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে তাঁর ইতিবাচক লেখা এবং দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সাক্ষাৎকার নেওয়াও এই সিদ্ধান্তের পিছনে কারণ হতে পারে? কেন এই সিদ্ধান্ত, তার কোনও লিখিত ব্যাখ্যা তিনি পাননি বলে অভিযোগ করেছেন হেলে। দূতাবাসের তরফে তাঁর কাছে যে বার্তা পৌঁছেছে, তাতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের কথা বলা হলেও সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানানো হয়নি বলে তাঁর দাবি। অর্থাৎ দূতাবাসের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানানো হলেও, কেন তাঁকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।

এই ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার কি প্রশ্নকে ভয় পাচ্ছে? দলের বক্তব্য, একজন বিদেশি সাংবাদিককে বৈধ ভিসা দেওয়ার পরেও শেষ মুহূর্তে তাঁর যাত্রা আটকে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।এদিকে শুধু হেলে নন, ভারত সামিটে যোগ দিতে আসা আরও বহু বিদেশি প্রতিনিধির ভিসা এবং প্রবেশের অনুমতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্রায় ৩১৫ জন বক্তার মধ্যে ১১৩ জন ভারতে আসতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

প্রশ্নটা তাই শুধু একজন নরওয়ের সাংবাদিককে ভারতে ঢুকতে দেওয়া হল কি না, তা নয়। প্রশ্নটা আরও বড়। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেই পারেন। সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে কি না, তা রাজনৈতিক নেতৃত্বের বিষয়। কিন্তু সেই সাংবাদিকের অবস্থানের কারণেই যদি তাঁর ভারত সফরের পথে বাধা তৈরি হয়, তাহলে তা নিঃসন্দেহে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করবে। অন্যদিকে, কোনও দেশের ভিসা দেওয়ার পরেও নিরাপত্তা বা প্রশাসনিক কারণে তা বাতিল করার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের স্বচ্ছ ব্যাখ্যা দেওয়াও কি জরুরি নয়?

হেলে লিং-র অভিযোগ সত্যি হলে, প্রশ্ন উঠবে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করার মূল্য কি এবার ভারতের দরজায় আটকে পড়ে দিতে হল এক বিদেশি সাংবাদিককে? আর যদি এর পিছনে অন্য কোনও প্রশাসনিক বা নিরাপত্তাজনিত কারণ থাকে, তাহলে সেই কারণ প্রকাশ্যে আনবে কি কেন্দ্রীয় সরকার?