সংঘাত নয়, সহযোগিতা! ম্যানিলা থেকে বিশ্বকে বার্তা মোদীর

গত কয়েক বছরে বিশ্ব একের পর এক সঙ্কট ও অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত থাকা। মঙ্গলবার ম্যানিলায় ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে প্রতিযোগিতার বদলে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন তিনি। তাঁর কথায়, দুই পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ সংঘাত বা প্রতিযোগিতার ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তৈরি হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সম্মেলনে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সম্মিলিত শক্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষ ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলিতে বসবাস করেন। তাই এই দুই পক্ষ একসঙ্গে কাজ করলে গোটা অঞ্চলকে শান্তি ও স্থিতিশীলতার উদাহরণ হিসেবে গড়ে তোলা সম্ভব।

মোদি বলেন, “আসিয়ানভুক্ত কোনও দেশে এটি আমার তৃতীয় সফর। এর থেকেই বোঝা যায়, ভারতের কাছে আসিয়ানের গুরুত্ব কতটা। আমরা মনে করি, ভারতের উন্নয়ন এবং আসিয়ান দেশগুলির সমৃদ্ধি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আগামী দিনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ আমাদের যৌথ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।” গত এক দশকে ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির ফলে আসিয়ান দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আগে দুই পক্ষের সম্পর্ক মূলত সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ছে।

মোদী জানান, ২০১৪ সাল থেকে দুই পক্ষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে ১০০টিরও বেশি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২৫০টি ছোট উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। পাশাপাশি দক্ষতা বাড়ানোর জন্য ১০ হাজারেরও বেশি বৃত্তি দেওয়া হয়েছে। ভারত এবং আসিয়ানভুক্ত ন’টি দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ও পর্যটনের প্রসারও দুই পক্ষের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।

এ বছরের সম্মেলনের মূল ভাবনা ‘নেভিগেটিং আওয়ার ফিউচার টুগেদার’ বা ‘একসঙ্গে ভবিষ্যতের পথ তৈরি করা’। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিশ্বকে একাধিক সঙ্কটের মুখে পড়তে হয়েছে। তাই এখন শান্তি, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা সবচেয়ে বেশি প্রয়োজন। আসিয়ানের ঐক্য এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এই সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি ভারতের সমর্থন সবসময় থাকবে বলেও স্পষ্ট করেন তিনি।

মোদীর আশা, এবারের বৈঠকের মাধ্যমে ভারত ও আসিয়ানের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। একইসঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ করে তোলার পথও প্রশস্ত হবে। উল্লেখ্য, ২০২৬ সালে আসিয়ানের সভাপতিত্ব করছে ফিলিপিন্স। সেই সূত্রেই ম্যানিলায় আয়োজিত হয়েছে ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন। এই বৈঠকে দুই পক্ষের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত সহযোগিতার পরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে।

২০২৬ সালকে ভারত-আসিয়ান সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে পালন করা হচ্ছে। ২০২৭ সালে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর এবং সার্বিক কৌশলগত অংশীদারিত্বের পাঁচ বছর পূর্ণ হবে। মঙ্গলবারই ২১তম পূর্ব এশিয়া সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা এবং কৌশলগত বিষয় নিয়ে অন্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।