হঠাৎই কালীঘাটের বাড়িতে দিল্লি পুলিশের হাজিরা! সঙ্গে সাদা মুখবন্ধ খামে নোটিস। লক্ষ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালের একটি পুরনো মামলার তদন্তের সূত্র ধরেই সোমবার দুপুরে তাঁর বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ। তবে কোনও গ্রেফতারি পরোয়ানা নয়, বরং সাক্ষী হিসেবে হাজিরার নোটিস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু ১৩ বছর আগের কোন মামলায় মমতাকে তলব করা হল? কী ঘটেছিল দিল্লির বঙ্গভবনে? আর এই নোটিস ঘিরে তৃণমূলের অন্দরেই বা কী প্রতিক্রিয়া?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সোমবার দুপুরে কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দুই আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশআধিকারীকরাও। দিল্লি পুলিশের হাতে ছিল একটি সাদা মুখবন্ধ খাম। সেই খামের মধ্যেই ছিল তদন্ত সংক্রান্ত নোটিস। তৃণমূলের তরফে ওই নোটিস গ্রহণ করেন শুভাশিস চক্রবর্তী। সূত্রের খবর, ২০১৩ সালের ৯ এপ্রিল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের সূত্রেই এই নোটিস পাঠানো হয়েছে। ওই মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে হাজির হওয়ার কথা বলা হয়েছে তাঁকে। অর্থাৎ, আপাতত এই নোটিস সাক্ষী হিসেবে হাজিরার জন্য। তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে, এমন কোনও তথ্য সামনে আসেনি।
২০১৩ সালে কী ঘটেছিল বঙ্গভবনে?
এবার ফিরে যাওয়া যাক ২০১৩ সালে। এপ্রিল মাসে দিল্লির বঙ্গভবন ঘেরাও করে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। সেই বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবন চত্বর। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র-সহ একাধিক নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত ২০১৩ সালের ৯ এপ্রিল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। সেই পুরনো মামলার তদন্তের সূত্র ধরেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পৌঁছে দিল দিল্লি পুলিশ। সূত্রের দাবি, ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় সাক্ষী হিসেবে হাজিরার জন্য এই নোটিস দেওয়া হয়েছে।
তবে এই নোটিস নিয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়াতেও তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। দলের সাংসদ দোলা সেন জানিয়েছেন, এ রকম কোনও নোটিসের কথা তাঁদের জানা নেই। অন্যদিকে, তৃণমূলের একটি সূত্রের দাবি, ২০১৩ সালের ওই মামলায় সাক্ষী হিসেবে মমতাকে তলব করতেই দিল্লি পুলিশের এই পদক্ষেপ। তবে নোটিসে হাজিরার নির্দিষ্ট তারিখ কী রয়েছে, কিংবা তদন্তের কোন বিষয় নিয়ে মমতার বক্তব্য জানতে চাওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দিল্লি পুলিশের তরফেও এই বিষয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার আগে দিল্লিতে নিজের বাড়ির সামনে থেকেই তাঁকে আটক করা হয়েছিল বলে অভিযোগ। এর পর গত ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমাবেশেও যোগ দেন তৃণমূল নেত্রী। সেই সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। এই পরিস্থিতিতে মমতার কালীঘাটের বাড়িতে দিল্লি পুলিশের পৌঁছে যাওয়া ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ২০১৩ সালের মামলার তদন্ত এবং সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির মধ্যে সরাসরি কোনও যোগ রয়েছে, এমন তথ্য এখনও সামনে আসেনি।
সব মিলিয়ে, ১৩ বছর আগের বঙ্গভবন ঘেরাও ও বিক্ষোভের মামলা ঘিরে ফের আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের নোটিসে তাঁকে সাক্ষী হিসেবে হাজির হওয়ার কথা বলা হয়েছে বলে সূত্রের দাবি। এখন দেখার, এই নোটিসের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে তদন্তকারীদের সঙ্গে দেখা করেন কি না।