এবার জালিয়াতির শিকার বিধায়ক!

বিধায়কের হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা চেয়ে মেসেজ! থানায় অভিযোগ দেবাংশু পাণ্ডার।

ডায়মন্ড হারবার: ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, তাঁর নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে। পাশাপাশি দেখা করার প্রস্তাব এবং হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

বিষয়টি প্রথমে ডায়মন্ড হারবারের নায়াপাড়ার এক বাসিন্দা বিধায়ককে ফোন করে জানান। এরপর তড়িঘড়ি ডায়মন্ড হারবার থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন দেবাংশু পাণ্ডা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা কীভাবে অ্যাকাউন্ট হ্যাক করা হল এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন।

দেবাংশু পাণ্ডার দাবি, এর আগেও বিধানসভা নির্বাচনের আগে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে। তাঁর নম্বর থেকে টাকা চেয়ে কোনও মেসেজ বা হুমকি এলে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন করেছেন তিনি। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশা প্রকাশ করেছেন বিধায়ক।