আবারও সরকারি হাসপাতালে রহস্যমৃত্যু!

এনআরএসের শৌচাগারে নার্সের দেহ, ফেন্টানিল ঘিরে রহস্য।

আরপ্লাস নিউজ ডিজিটাস ডেস্ক : কলকাতার সরকারি হাসপাতালে ফের রহস্যমৃত্যু। এ বার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এনআরএস) শৌচাগার থেকে উদ্ধার হল এক নার্সের অচৈতন্য দেহ। মৃতার নাম রূপালী বর্মণ (৩০)। দমদমের বাসিন্দা রূপালী হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে কর্মরত ছিলেন। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতাল সূত্রে দাবি, মৃত্যুর নেপথ্যে ফেন্টানিল ইঞ্জেকশনের ভূমিকা থাকতে পারে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৮টা থেকে রূপালীর ডিউটি ছিল। এইচডিইউের নার্সিং স্টেশনে কাজে যোগ দেওয়ার পর তিনি ফেন্টানিলের তিনটি ভায়াল নিয়ে শৌচাগারে যান। বেশ কিছুক্ষণ পরেও ফিরে না আসায় সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন। রাত সাড়ে ১০টা নাগাদ শৌচাগারের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত চিকিৎসকেরা পরীক্ষা করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রের দাবি, রোগীদের ঘুম পাড়ানোর জন্য ব্যবহৃত ফেন্টানিলের ইঞ্জেকশন তাঁর কনুইয়ের সন্ধিস্থলের শিরায় দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি কী ভাবে এবং কেন ঘটল, তা এখনও তদন্তসাপেক্ষ।

রূপালীর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। তাঁর মোবাইল ফোনটি দেহের পাশ থেকে পাওয়া গিয়েছে। সহকর্মীদের দাবি, রাত ১০টা ২০ মিনিট নাগাদ শৌচাগারে ঢুকেছিলেন রূপালী। সাত মিনিট পরেও তিনি বেরিয়ে না আসায় ডাকাডাকি শুরু হয়। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই এন্টালি থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা হাসপাতালে পৌঁছন। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুণাল আগরওয়াল এবং ডিসি (পূর্ব শহরতলি) সুবিমল পাল। তদন্তকারীরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। তিনটি সম্ভাব্য ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে এবং একটি স্ট্রেচার বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এ দিকে রূপালীর মৃত্যুর কারণ নিয়ে সন্দিহান তাঁর স্বামী রাহুল দাস। তিনি এনআরএসে ময়নাতদন্ত করাতে আপত্তি জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবার যেখানে চাইবে, সেখানেই ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

দু’বছর আগে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। তার পর ফের কলকাতার এক সরকারি হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। রূপালীর মৃত্যু দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, এখন সেই উত্তরই খুঁজছে পুলিশ।