‘এনভিডিয়া হানি ট্র্যাপ’ বিতর্কের আবহেই কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীকে নিশানা করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গান্ধী পরিবারের রাজনৈতিক উত্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যুর প্রসঙ্গ টেনে সোনিয়ার রাজনৈতিক উত্থানকে ‘অতি বেশি কাকতালীয়’ বলেও মন্তব্য করেছেন কঙ্গনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কঙ্গনার দাবি, তাঁর এই মন্তব্যের নেপথ্যে রয়েছে রাজনৈতিক গবেষণা। ২০২৫ সালে ‘ইমার্জেন্সি’ ছবিটি তৈরির সময় ভারতীয় রাজনীতি এবং গান্ধী পরিবার নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন বলে জানিয়েছেন তিনি। সেখান থেকেই নাকি তাঁর মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এনভিডিয়া-কাণ্ডের প্রসঙ্গ টেনে কঙ্গনা লেখেন, “সবাই এখন এনভিডিয়া হানি ট্র্যাপ নিয়ে কথা বলছেন।” তার পরেই গান্ধী পরিবারের প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, কী ভাবে এক ‘বিদেশি নাগরিক’ গান্ধী পরিবারে প্রবেশ করলেন এবং পরবর্তী সময়ে রাজনৈতিক ভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন?
ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যুর প্রসঙ্গ তুলে কঙ্গনা অভিযোগ করেন, গান্ধী পরিবারের সম্ভাব্য উত্তরাধিকারীদের একের পর এক মৃত্যুর পর সোনিয়াই হয়ে ওঠেন ‘সহানুভূতির একমাত্র পছন্দ’। ঘটনাগুলিকে তিনি ‘way too many coincidences’ বলেও উল্লেখ করেন। তবে এই বক্তব্যের পক্ষে কোনও প্রমাণ দেননি বিজেপি সাংসদ।
এর পর সোনিয়ার রাজনৈতিক ভূমিকা নিয়েও সরব হন কঙ্গনা। তাঁর অভিযোগ, সোনিয়া গান্ধী বিদেশি স্বার্থকে প্রশ্রয় দিয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে কংগ্রেসের নেতৃত্বে তাঁর রাজনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শেষে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে কঙ্গনা লেখেন, ২০১৪ পর্যন্ত সোনিয়ার নেতৃত্বে সরকার চলেছিল। সেই নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কংগ্রেসের আসন নেমে আসে ৪৪-এ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন।