কেজরিওয়ালের বিতর্কিত ‘শিশমহল’ দেখতে পারবেন আমজনতাও!

দিল্লির বিতর্কিত ‘শিশমহল’ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। আগে এই বিশাল বাংলোটিকে স্টেট গেস্ট হাউস বা সরকারি অতিথিশালা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিল দিল্লি সরকার। কিন্তু এবার সেই সিদ্ধান্ত বদল করা হল। ঠিক হয়েছে, সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই বাংলো। যাতে তাঁরা নিজের চোখে দেখতে পারেন, কীভাবে বিপুল অর্থ খরচ করে এই বাড়ি তৈরি ও সাজানো হয়েছে বলে অভিযোগ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার দিল্লির মন্ত্রী প্রবেশ ভার্মা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ এই বাংলোটি দেখতে চেয়ে আসছিলেন। তাঁদের দাবির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বাংলোটি ঘুরিয়ে দেখানো হবে। এরপর সাধারণ মানুষের প্রবেশের জন্য টিকিট ও আগাম বুকিংয়ের ব্যবস্থা চালু করা হবে। কীভাবে টিকিট কাটা যাবে এবং কীভাবে ঘুরে দেখার জন্য নাম নথিভুক্ত করতে হবে, সেই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এই প্রসঙ্গে প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেন প্রবেশ ভার্মা। যদিও সরাসরি তাঁর নাম উল্লেখ করেননি মন্ত্রী। তাঁর অভিযোগ, একসময় যিনি সরকারি গাড়ি বা বাংলো ব্যবহার করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিই পরে সাধারণ মানুষের করের টাকায় বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন।

প্রবেশ ভার্মার কথায়, প্রথমে দেশের সংবাদমাধ্যমকে দেখানো হবে, কীভাবে একাধিক পুরনো বাংলো, কর্মীদের থাকার ঘর এবং গ্যারাজ ভেঙে এই বিশাল প্রাসাদ তৈরি করা হয়েছে। এরপর সাধারণ মানুষও পুরো বাড়িটি ঘুরে দেখতে পারবেন। সেখানে প্রতিটি ঘরে স্মার্ট লাইটের ব্যবস্থা, কোটি কোটি টাকার পর্দা এবং ভিয়েতনাম থেকে আনা মার্বেলের মতো দামি সামগ্রী রয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রীর অভিযোগ, দিল্লিতে দুর্নীতির সবচেয়ে বড় উদাহরণ এই ‘শিশমহল’।

দিল্লির সিভিল লাইন্স এলাকার ৬, ফ্ল্যাগস্টাফ রোডের এই বাংলোটি একসময় অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন ছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এই বাড়িতেই থাকতেন। ২০২৪ সালের শেষ দিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলোটি ছেড়ে দেন তিনি। তারপর থেকেই এই বাড়িকে ঘিরে দিল্লির রাজনীতিতে বিতর্ক শুরু হয়।

বিজেপির অভিযোগ, করোনা অতিমারির সময় এই বাংলোর সংস্কার ও সম্প্রসারণের নামে বিপুল অর্থ খরচ করা হয়েছিল। সেই কারণেই বাড়িটির নাম দেওয়া হয় ‘শিশমহল’। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-এর রিপোর্ট এবং সতর্কতা বিভাগের তদন্তেও খরচ অনেক বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছিল বলে দাবি। পাশাপাশি অভিযোগ ওঠে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই আশপাশের কয়েকটি সরকারি ফ্ল্যাট এবং পুরনো ঐতিহ্যবাহী নির্মাণকেও এই বাংলোর সঙ্গে যুক্ত করা হয়েছিল।

২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে এই ‘শিশমহল’ বিতর্ককে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিল বিজেপি। সেই নির্বাচনে আপ-কে হারিয়ে দিল্লির ক্ষমতায় আসে বিজেপি। সরকার গঠনের পর প্রথমে বাংলোটিকে সরকারি অতিথিশালা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লির বিজেপি সরকার।