২ লক্ষের বেশি কপি বিক্রি! ডেবিউতেই রেকর্ড সোনিয়ার!

বইয়ের দোকানে আসার আগেই চর্চায় ছিল বইটি। প্রকাশের পর সেই আগ্রহ যে কার্যত উন্মাদনায় পরিণত হবে, তা হয়তো খোদ প্রকাশকও ভাবতে পারেননি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেল দুই লক্ষেরও বেশি কপি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স ইন্ডিয়ার দাবি, এই বিপুল বিক্রি ইতিমধ্যেই একাধিক রেকর্ড তৈরি করেছে। দ্রুততম সময়ে বিক্রি হওয়া বই, ডেবিউ বই, নন-ফিকশন এবং স্মৃতিকথার তালিকায় নতুন নজির গড়েছে সোনিয়া গান্ধীর এই বই। প্রকাশের দিনেই বই পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তৈরি হয়েছে রেকর্ড।

অগাস্ট মাসে বই প্রকাশের ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক ও সাহিত্য মহলে আগ্রহ তৈরি হয়েছিল ‘Belonging’ ঘিরে। অবশেষে সোমবার দিল্লির আইটিসি মৌর্য হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ‘Belonging: A Journey of Love’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস এবং বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা, সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব। উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু-সহ বিশিষ্টরা।

তবে বই প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার বিক্রির পরিসংখ্যান। হার্পারকলিন্স ইন্ডিয়ার সিইও অনন্ত পদ্মনাভন জানিয়েছেন, গত মঙ্গলবার সকাল ১০টায় বইটি বিক্রির জন্য সামনে আনা হয়। আর তার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে দুই লক্ষেরও বেশি কপি। প্রকাশনা সংস্থার দাবি, এই বিক্রির গতি বই প্রকাশনার ক্ষেত্রে একাধিক নতুন রেকর্ড তৈরি করেছে।

অনন্ত পদ্মনাভনের বক্তব্য অনুযায়ী, দ্রুততম সময়ে বিক্রি হওয়া বই, দ্রুততম সময়ে বিক্রি হওয়া প্রথম বই বা ডেবিউ, দ্রুততম সময়ে বিক্রি হওয়া নন-ফিকশন এবং দ্রুততম সময়ে বিক্রি হওয়া স্মৃতিকথা- এই চার ক্ষেত্রেই নজির গড়েছে ‘Belonging’। শুধু তাই নয়, বই প্রকাশের দিনেই তৈরি হয়েছে আরও একটি উল্লেখযোগ্য রেকর্ড। প্রকাশকের দাবি, প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ১৫ হাজারের বেশি কপি পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের প্রকাশনা জগতে এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক বই পৌঁছে দেওয়ার ঘটনা নজিরবিহীন বলেই দাবি সংস্থার। সাধারণত কোনও বইয়ের জনপ্রিয়তা বিচার করা হয় তার বিক্রির পরিসংখ্যান দিয়ে। প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, ভারতে কোনও বই ১০ হাজার কপির বেশি বিক্রি হলে অনেক ক্ষেত্রেই তাকে বেস্টসেলার হিসেবে বিবেচনা করা হয়। যদিও বেস্টসেলার হওয়ার নির্দিষ্ট কোনও সর্বজনীন মাপকাঠি নেই। লেখক, বইয়ের বিষয়বস্তু, প্রকাশক এবং বাজারের উপর নির্ভর করে এই হিসাব বদলে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এক সপ্তাহেরও কম সময়ে দুই লক্ষের বেশি কপি বিক্রির দাবি নিঃসন্দেহে বইটির প্রতি পাঠকদের বিপুল আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

এই সাফল্যে অবাক স্বয়ং সোনিয়া গান্ধীও। বইটির প্রতি পাঠকদের সাড়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন, এত অল্প সময়ে এমন বিপুল সাড়া পাবেন, তা তিনি কল্পনাও করেননি। তাঁর কথায়, কয়েক সপ্তাহ ধরে হয়তো পাঠকদের মধ্যে বইটি নিয়ে আগ্রহ তৈরি হবে বলে ভেবেছিলেন। কিন্তু বাস্তবে যে সাড়া মিলেছে, তা অভাবনীয় এবং তাঁকে আবেগপ্রবণ করে তুলেছে। পাঠকদের বই কেনা, তাঁদের প্রতিক্রিয়া এবং এমনকী গঠনমূলক সমালোচনাকেও অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন সোনিয়া। তাঁর বক্তব্য, পাঠকদের কাছ থেকে পাওয়া ভালবাসা ও স্নেহ তাঁকে গভীরভাবে আপ্লুত করেছে।

রাজনীতির দীর্ঘ পথচলা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনের নানা অধ্যায়- স্মৃতিকথায় ঠিক কোন কোন বিষয় উঠে এসেছে, তা নিয়েও পাঠকদের কৌতূহল রয়েছে। তবে প্রকাশের পর থেকেই বইটির বিক্রির যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে স্পষ্ট, রাজনৈতিক পরিচয়ের বাইরেও সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতা জানার আগ্রহ রয়েছে পাঠকদের একাংশের মধ্যে। সব মিলিয়ে, প্রকাশের এক সপ্তাহও কাটেনি, তার মধ্যেই দুই লক্ষের বেশি কপি বিক্রির দাবি। ভারতের প্রকাশনা জগতে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging’ যে ইতিমধ্যেই বড়সড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা বলাই যায়।